আক্রমণের কাজে ব্যবহার উপযোগী অ্যাপাচি হেলিকপ্টার পেল ভারত
-
অ্যাপাচি গার্ডিয়ান হেলিকপ্টার
ভারতের কাছে অত্যাধুনিক অ্যাপাচি গার্ডিয়ান হেলিকপ্টারের প্রথম চালান আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেছে আমেরিকা। অনুষ্ঠানে ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল এএস বোতোলা প্রথম চালান গ্রহণ করেন। অ্যারিজোয়নায় বোয়িং'এর উৎপাদন কেন্দ্রে এএইচ-৬৪ই অ্যাপাচি হেলিকপ্টার হস্তান্তর করা হয়।
২০১৫ সালে বোয়িং'এর কাছ থেকে ২২টি অ্যাপাচি হেলিকপ্টার কেনার চুক্তি করেছিল ভারত। ভারতীয় চাহিদার প্রতি লক্ষ্য রেখে অ্যাপাচি হেলিকপ্টার কিছু রদবদল করা হয়েছে। আক্রমণের কাজে ব্যবহার উপযোগী বহুমুখী এ হেলিকপ্টার পার্বত্য অঞ্চলে নিজ সক্ষমতার প্রমাণ রেখেছে। মার্কিন সেনাবাহিনী এ হেলিকপ্টার ব্যবহার করে।
ভারতীয় বিমান বাহিনীর নির্বাচিত বিমান ক্রু এবং গ্রাউন্ড ক্রুদের একটি দলকে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে আমেরিকার অ্যালাবামার ফোর্ট রাকারে।
অবশ্য, এ হেলিকপ্টার যুক্ত হওয়ার মধ্য দিয়ে ভারতীয় বিমান বাহিনীর আধুনিকীকরণের তৎপরতার উল্লেখযোগ্য অগ্রগতি হলো বলে ভারতীয় সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। এদিকে, গত ফেব্রুয়ারি মাসেই ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হয়েছে মার্কিন হেলিকপ্টার চিনুক সিএইচ-৪৭এফ (আই)।
পার্সটুডে/মূসা রেজা/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।