ক্রিকেট বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের টানা সপ্তম হার
https://parstoday.ir/bn/news/india-i71258-ক্রিকেট_বিশ্বকাপে_ভারতের_কাছে_পাকিস্তানের_টানা_সপ্তম_হার
ইংল্যান্ড বিশ্বকাপের ২২তম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৮৯ রানে পরাজিত করেছে ভারত। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে ভারতের কাছে এ নিয়ে টানা সাত ম্যাচে হেরে গেল পাকিস্তান। 
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ১৬, ২০১৯ ২১:০৫ Asia/Dhaka
  • ভারতের অধিনায়ক বিরাট কোহলি
    ভারতের অধিনায়ক বিরাট কোহলি

ইংল্যান্ড বিশ্বকাপের ২২তম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৮৯ রানে পরাজিত করেছে ভারত। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে ভারতের কাছে এ নিয়ে টানা সাত ম্যাচে হেরে গেল পাকিস্তান। 

রোববার ইংল্যান্ডের ম্যানচেস্টারে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মার সেঞ্চুরি (১৪০) ও বিরাট কোহলি-লোকেশ রাহুলের জোড়া ফিফটিতে ৩৩৬ রানের পাহাড় গড়ে ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএল মেথডে পাকিস্তানের টার্গেট দাঁড়ায় ৪০ ওভারে ৩০২ রান। রানের পাহাড় ডিঙাতে নেমে ৬ উইকেটে ২১২ তুলতে সক্ষম হয় পাকিস্তান।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ১৩ রানে ইনফর্ম ব্যাটসম্যান ইমাম-উল-হককে হারায় দলটি। তবে দ্বিতীয় উইকেটে দারুণ প্রতিরোধ গড়েছেন ফখর জামান ও বাবর আজম। ১০৪ রানের জুটি গড়েছিলেন তারা। কিন্তু এ জুটি ভাঙতেই সব শেষ হয়ে যায় তাদের। তাসের ঘরের মতো ভেঙে পড়ে দলটির। এরপর স্কোরবোর্ডে ৪৮ রান যোগ দিতে ৫টি উইকেট হারালে ম্যাচ থেকে একপ্রকার ছিটকে যায় পাকিস্তান। এরপর ম্যাচে নামে বৃষ্টি। ফলে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে।

বৃষ্টির আগে ৩৫ ওভারে ৬ উইকেটে ১৬৬ রান করেছিল পাকিস্তান। নতুন লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ৩০২ রান। অর্থাৎ শেষ পাঁচ ওভারে রান নিতে হতো ১৩৬ রান। ওভার প্রতি ২৭ এরও বেশি। ম্যাচের ফলাফল তো তখনই নির্ধারণ হয়ে যায়। শেষ পাঁচ ওভারে পাকিস্তান রান তুলতে পেরেছে ৪৬টি। ৪০ ওভারে ৬ উইকেটে ২১২ রান করে থামে দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন ফখর। ৭৫ বলে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। ৫৭ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৪৮ রান করেন বাবর। শেষ দিকে ইমাদ ওয়াসিমের ৪৬ রান কেবল ব্যবধানই কমিয়েছে। ভারতের পক্ষে ২টি করে উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্কর ও কুলদিপ যাদব।

এমএস ধোনির উইকেট নেয়ার পর মোহাম্মদ আমির ও সরফরাজ আহমেদ

এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্তের খেসারত দিয়েছিল ৪১ রানে হেরে। কাল ভারতের বিপক্ষেও একই কাজ করেন পাকিস্তান অধিনায়ক। ভুল থেকে শিক্ষা হয়নি সরফরাজ আহমেদের।

ক্ষুরধারহীন বোলিংয়ে শুরু থেকেই বিবর্ণ ছিল পাকিস্তান। সুযোগ যা এসেছিল ভারতীয় ব্যাটসম্যানদের ভুল বোঝাবুঝিতে। তাও কাজে লাগাতে ব্যর্থ। তবে দারুণ ব্যাটিং করেছেন ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। ওপেনিং জুটিতেই করেন ১৩৬ রান।

রাহুলকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন ওয়াহাব রিয়াজ। তবে দ্বিতীয় উইকেটে রোহিতের সঙ্গে আরও একটি দারুণ জুটি গড়েন অধিনায়ক বিরাট কোহলি। স্কোর বোর্ডে ৯৮ রান যোগ করেন তারা। এরপর হাসান আলীর বলে স্কুপ করতে গিয়ে ফাইন লেগে ধরা পড়েন রোহিত। তবে আউট হওয়ার আগে আরও একটি সেঞ্চুরি তুলেছেন তিনি। ১১৩ বলে করেছেন ১৪০ রান। ১৪টি চার ও ৩টি ছক্কায় এ রান করেন তিনি। তবে ব্যক্তিগত ৩২ ও ৩৮ রানে দুই দুইবার রান আউট করার সহজ সুযোগ দিয়েছিলেন রোহিত। একবার তো দুই ব্যাটসম্যানই এক প্রান্তে ছিলেন। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারেনি পাকিস্তানিরা।

ম্যাচ সেরার পুরস্কার হাতে রোহিত শর্মা

রোহিতের বিদায়ের পর স্কোরবোর্ড লম্বা করার দায়িত্ব নেন অধিনায়ক বিরাট কোহলি। হার্দিক পান্ডিয়ার সঙ্গে করেন ৫১ রানের জুটি। এরপর অবশ্য আমিরের তোপে পড়ে দলটি। দ্রুত পান্ডিয়া ও সাবেক অধিনায়ক এমএস ধোনিকে হারায় তারা। খুব বেশিক্ষণ আর টিকতে পারেননি অধিনায়কও।

৬৫ বলে ৭৭ রানের ইনিংস খেলেন কোহলি। ৭টি চারের সাহায্যে এ রান করেন তিনি। রাহুলের ব্যাট থেকে আসে ৫৭ রান।

পাকিস্তানের পক্ষে ৪৭ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন আমির৯ ওভার বল করে ৮৪ রানের বিনিময়ে ১টি উইকেট পেয়েছেন হাসান আলী। বিশ্বকাপে কোনো পাকিস্তানি বোলারের এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেয়ার রেকর্ডটি গতকাল নিজের করে নিয়েছেন হাসান আলী। 

মাত্র ১১৩ বলে ১৪০ রানের বিস্ফোরক ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।