বাংলায় কোনও এনআরসি হবে না: বিজেপির প্রতি চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা
https://parstoday.ir/bn/news/india-i73603-বাংলায়_কোনও_এনআরসি_হবে_না_বিজেপির_প্রতি_চ্যালেঞ্জ_ছুঁড়লেন_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, বাংলায় কোনও ‘এনআরসি’ হবে না। বিজেপি নেতারা সম্প্রতি বাংলায় জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) করা হবে বলে মন্তব্য করেছিলেন।     
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০১৯ ১৫:২৫ Asia/Dhaka
  • বাংলায় কোনও এনআরসি হবে না: বিজেপির প্রতি চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, বাংলায় কোনও ‘এনআরসি’ হবে না। বিজেপি নেতারা সম্প্রতি বাংলায় জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) করা হবে বলে মন্তব্য করেছিলেন।     

আজ (বৃহস্পতিবার) মমতা পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি’র বিরুদ্ধে হাজার হাজার মানুষকে নিয়ে পদযাত্রা ও পরে এক সমাবেশে কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতাদের তীব্র সমালোচনা করেন।

মুখ্যমন্ত্রী বলেন, ‘অসমে (এনআরসি থেকে) যাদের নাম বাদ গিয়েছে একটা জেল তৈরি করেছে, তাদের সব জেলে রেখে দেবে। বাংলায় আমি যতদিন বেঁচে আছি তোমার ক্ষমতা থাকলে এনআরসি করবে। আমি মরে গেলেও আমাদের দল করতে দেবে না। আমাদের ইয়ং জেনারেশন, চারটি জেনারেশন তৈরি করে দিয়েছি, খেলা অত সহজ নয়। সুতরাং, পরিষ্কার বলে যাই, এনআরসি নিয়ে বিজেপিকে জানাই ধিক্কার!’

মমতা এদিন, সভা মঞ্চ থেকে ‘এনআরসি মানছি না’ বলে স্লোগান দিলে উপস্থিত জনতা ‘মানছি না-মানছি না’ বলে তাতে গলা মেলান।

মমতা বিজেপি নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আরেকটা বঙ্গভঙ্গ করার চেষ্টা করবে না। আরেকটা ভারত ভাগ করার চেষ্টা করবে না। দেশ ভাগ করার চেষ্টা করবে না। বাংলা ভাষায় কথা বললেই যদি বাংলাদেশি বলে ঘাড়ধাক্কা দেয়া হয় তাহলে মনে রাখবেন যারা এটা করছেন আগুন নিয়ে খেলবেন না। আমরা সবাই কিন্তু তৈরি আছি দেশকে রক্ষা করার জন্য।’

পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘অসমের মতো পশ্চিমবঙ্গে এনআরসি হবে। এতে প্রায় দু’কোটি মানুষ বাদ যাবে। বিদেশি নাগরিকেরা এসে রাজ্য ও দেশের সম্পদ নষ্ট করছে। তা বন্ধ করতে এনআরসি প্রয়োজন।’

এ প্রসঙ্গে মমতা আজ পাল্টা জবাবে বলেন, ‘বলছে বাংলায় ২ কোটি মানুষের নাম বাদ যাবে! বাংলার ২ জনের গায়ে হাত দিয়ে দেখুন!’ ভাষা, ধর্মের ভিত্তিতে এনআরসি মানব না বলেও মমতা সাফ জানান।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন