কাশ্মীরিরা ধীরে ধীরে মরছে, দম বন্ধ হয়ে আসছে: ইউসুফ তারিগামি
https://parstoday.ir/bn/news/india-i73752-কাশ্মীরিরা_ধীরে_ধীরে_মরছে_দম_বন্ধ_হয়ে_আসছে_ইউসুফ_তারিগামি
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সিপিএম নেতা ও সাবেক বিধায়ক মুহাম্মদ ইউসুফ তারিগামি বলেছেন, ‘আমরাও বাঁচতে চাই, আমাদেরও বাঁচার অধিকার আছে।’ গতকাল (মঙ্গলবার) নয়াদিল্লিতে দলীয় কার্যালয়ে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০১৯ ১০:০৮ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন মুহাম্মদ ইউসুফ তারিগামি (পাশে) সীতারাম ইয়েচুরি
    সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন মুহাম্মদ ইউসুফ তারিগামি (পাশে) সীতারাম ইয়েচুরি

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সিপিএম নেতা ও সাবেক বিধায়ক মুহাম্মদ ইউসুফ তারিগামি বলেছেন, ‘আমরাও বাঁচতে চাই, আমাদেরও বাঁচার অধিকার আছে।’ গতকাল (মঙ্গলবার) নয়াদিল্লিতে দলীয় কার্যালয়ে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পরে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক ও কেউ মারা যায়নি বলে কেন্দ্রীয় সরকার যে দাবি করছে, তার সমালোচনা করে তারিগামি বলেন, ‘একে স্বাভাবিক অবস্থা বলে? ৪০ দিনের বেশি মোবাইল-ইন্টারনেট বন্ধ করে রাখাটা স্বাভাবিক? দিল্লি বা অন্য কোনও শহরে সাত দিনের জন্য এমন করে দেখুন, কী অবস্থা হয়! রুটি-রুজি কোথা থেকে আসে! ব্যবসা কিভাবে চলে! হাসপাতালে কিভাবে চিকিৎসা পাওয়া যায়! স্কুলের শিশুদের কী অবস্থা হয়!’ 

তারিগামি বলেন, ‘কাশ্মীরিরা ধীরে ধীরে মরছে। দম বন্ধ হয়ে আসছে।’ তিনি বলেন, ‘ভারতের সঙ্গে জম্মু-কাশ্মীরের ঐক্যের ভিতেই ঘা পড়ে গেছে। আমি তো বিদেশি নই। ফারুক আবদুল্লাহ বা অন্য নেতারা তো সন্ত্রাসী নন। কিন্তু আমাদের তো সন্ত্রাসবাদীদের মতো করে দেখানো হচ্ছে!’

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল ও রাজ্যটি ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষকে কারাবন্দি করে, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে, দৈনন্দিন জীবনধারনের পথ রুদ্ধ করে আদৌ কি কাশ্মীরবাসীর বিশ্বাস অর্জন করা সম্ভব? এতে কি দেশের শত্রুরা খুশি হবে নাকি দেশের মানুষই আরও বেশি আতঙ্কিত হয়ে পড়বেন? জম্মু-কাশ্মীরের স্বাভাবিক জীবনযাত্রাই ক্ষতিগ্রস্ত হয়েছে।’

কেন্দ্রীয় সরকার বিভিন্ন পক্ষের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলেও মুহাম্মাদ ইউসুফ তারিগামি মন্তব্য করেন।

অন্যদিকে, সিপিএমের মহাসচিব সীতারাম ইয়েচুরি বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে জম্মু-কাশ্মীরে যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে ফেলা হয়েছে, যাতে উপত্যকা সম্পর্কে কারও কাছে সঠিক তথ্য পৌঁছতে না পারে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৮

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন