রাম মন্দিরের শিলান্যাসের আগেই অমিতসহ একঝাঁক বিজেপি নেতা করোনা আক্রান্ত
https://parstoday.ir/bn/news/india-i81978-রাম_মন্দিরের_শিলান্যাসের_আগেই_অমিতসহ_একঝাঁক_বিজেপি_নেতা_করোনা_আক্রান্ত
ভারতে প্রস্তাবিত রাম মন্দিরের ভূমিপুজো ও শিলান্যাসের (ভিত্তিপ্রস্তর স্থাপন) আগেই একঝাঁক বিজেপি নেতা করোনা আক্রান্ত হয়েছেন। আগামী ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য ভূমিপুজো ও শিলান্যাস হবে। কিন্তু এরইমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও সাবেক বিজেপি সভাপতি অমিত শাহ, উত্তর প্রদেশের বিজেপি সভাপতি স্বতন্ত্রদেব সিং করোনা আক্রান্ত হয়েছেন। গতকালই উত্তরপ্রদেশের কারিগরি শিক্ষা মন্ত্রী ও বিজেপি নেত্রী কমল রানী বরুণ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ০৩, ২০২০ ১০:৩৫ Asia/Dhaka
  • অমিত শাহ
    অমিত শাহ

ভারতে প্রস্তাবিত রাম মন্দিরের ভূমিপুজো ও শিলান্যাসের (ভিত্তিপ্রস্তর স্থাপন) আগেই একঝাঁক বিজেপি নেতা করোনা আক্রান্ত হয়েছেন। আগামী ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য ভূমিপুজো ও শিলান্যাস হবে। কিন্তু এরইমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও সাবেক বিজেপি সভাপতি অমিত শাহ, উত্তর প্রদেশের বিজেপি সভাপতি স্বতন্ত্রদেব সিং করোনা আক্রান্ত হয়েছেন। গতকালই উত্তরপ্রদেশের কারিগরি শিক্ষা মন্ত্রী ও বিজেপি নেত্রী কমল রানী বরুণ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন উত্তরপ্রদেশের কারিগরি শিক্ষা মন্ত্রী কমল রানী বরুণ

আগামী ৫ আগস্ট অযোধ্যায় বহুলালোচিত রাম মন্দিরের ভূমিপুজো ও শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন। কিন্তু তার আগে গেরুয়া শিবিরের একেরপর এক নেতা করোনা আক্রান্ত হওয়ায় দলটির মধ্যে কিছুটা হলেও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ওই কর্মসূচিতে আরএসএসের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন।

বিজেপি’র ফায়ারব্রান্ড নেত্রী উমা ভারতীর অযোধ্যার কর্মসূচিতে যাওয়ার কথা থাকলেও তিনি নিজেই সংক্রমিত হতে পারেন বলে আজ আশঙ্কা প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অযোধ্যার ওই অনুষ্ঠানে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। রাম জন্মভূমি ট্রাস্টকে শিলান্যাস অনুষ্ঠানে যারা উপস্থিত থাকবেন সেই তালিকা থেকে উমা ভারতী তার নাম বাদ দিতে বলেছেন।

উমা ভারতী করোনায় আক্রান্ত

এরআগে অযোধ্যায় রামলালার মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসের সহকারী প্রদীপ দাস করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া ওই এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা ১৫ পুলিশ কর্মীর শরীরেও করোনাভাইরাস থাবা বসিয়েছে। করোনায় আক্রান্ত পুরোহিত প্রদীপ দাস যাঁর সহকারী, সেই প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসই ৫ আগস্ট প্রধানমন্ত্রীর ভূমিপুজোর দায়িত্বে থাকবেন।

বিজেপি নেতাদের উসকানিতে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় কয়েকশ’ বছরের প্রাচীন ঐতিহাসিক বাবরী মসজিদ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল ‘করসেবক’ নামধারী উগ্র হিন্দুত্ববাদী জনতা। তাদের দাবি ওই স্থানেই ভগবান রামের জন্মস্থান। দীর্ঘকাল ধরে আইনি লড়াইের পরে আদালতের অনুমতিতে অবশেষে সেই জমিতেই নির্মাণ হতে চলেছে বহুলালোচিত রাম মন্দির।        

এরআগে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান করোনা আক্রান্ত হয়েছেন। শিবরাজ অবশ্য কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছেন।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা

অন্যদিকে, গতকাল (রোববার) আক্রান্ত হয়েছেন বিজেপি নেতা ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। গতকাল (রোববার) দিবাগত রাত সাড়ে ১১টা নাগাদ ইয়েদুরাপ্পা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।

ইয়েদুরাপ্পা বলেন, ‘আমার কোভিড ধরা পড়েছে। তবে আমি ঠিক আছি।  চিকিৎসকদের পরামর্শ মতো হাসপাতালে ভর্তি হয়েছি আমি।’

তিনি আরও বলেন, ‘যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন তাঁদের কাছে অনুরোধ, আপনারা নিভৃতবাসে যান। এবং অবশ্যই কোভিড টেস্ট করান।’

সংবাদসংস্থা এএনএআই জানিয়েছে, ইয়েদুরাপ্পার মেয়েও করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর রিপোর্টও পজিটিভ এসেছে। তাকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, সাবেক বিজেপি নেতা ও বর্তমানে তামিলনাড়ুর গভর্নর বনোয়ারিলাল পুরোহিত করোনা আক্রান্ত হয়েছেন।

এদিকে, ভারতে মারণ ভাইরাস করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ লাখ ৩ হাজার ৬৯৫। এপর্যন্ত মোট ৩৮ হাজার ১৩৫ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন।। আজ (সোমবার) সকাল ৮টা পর্যন্ত ওই তথ্য প্রকাশ্যে এসেছে। আজ সকাল সাড়ে ৯ টা নাগাদ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়  জানিয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৯৭২ জন করোনা আক্রান্ত হয়েছেন। একইসময়ে ৭৭১ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন।

সরকারি সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত ১১ লাখ ৮৬ হাজার ২০৩ জন করোনা রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এরফলে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৯ হাজার ৩৫৭ জন।

ভারতে সুস্থ হওয়ার হার বেড়ে ৬৫.৪৪ শতাংশ হয়েছে। একইসঙ্গে মৃত্যু হার কমে ২.১৩ শতাংশ হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৮১ হাজার করোনা পরীক্ষা হয়েছে। আইসিএমআর সূত্রে প্রকাশ, এ পর্যন্ত মোট ২ কোটি ২ লাখ ২ হাজার ৮৫৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।