ভারতে করোনায় মৃত ছাড়ালো ৫০ হাজার, মন্ত্রী ও বিধায়কের মৃত্যু
-
উত্তর প্রদেশে করোনায় মারা গেলেন রাজ্যের মন্ত্রী চেতন চৌহান
ভারতের উত্তর প্রদেশে করোনা আক্রান্ত হয়ে রাজ্যের মন্ত্রী চেতন চৌহান ও পশ্চিমবঙ্গের বিধায়ক সমরেশ দাসের মৃত্যু হয়েছে। তৃণমূল বিধায়ক সমরেশ দাস (৭৭) সল্টলেকের একটি বেসরকারি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ (সোমবার) ভোরে তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, গতকাল (রোববার) বিকেলে মারা যান উত্তর প্রদেশের মন্ত্রী ও সাবেক জাতীয় ক্রিকেটার চেতন চৌহান (৭৩)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেতন চৌহানের মৃত্যুতে শোকপ্রকাশ করে বলেন, ‘চেতন চৌহান দুর্দান্ত ক্রিকেটার ছিলেন। রাজনৈতিক নেতা হিসেবেও দক্ষ ছিলেন। তাঁর প্রয়াণে শোকাহত।’ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও চেতন চৌহানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ (সোমবার) বিকেলে রাজ্য সচিবালয় নাবান্নে এক সংবাদ সম্মেলনে করোনা সতর্কতা প্রসঙ্গে বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করব, যাদের জ্বর হচ্ছে বা জ্বর কমছে না বা শ্বাসকষ্ট হচ্ছে তাঁরা সঙ্গে সঙ্গে চিকিৎসা করান। তাহলে আপনাদের ঝুঁকি নিতে হয় না। যাদের ধরুন হালকা অথবা কোনও উপসর্গ নেই, তাঁরা বাড়িতে থেকে খেয়ে দেয়ে সুস্থ থেকে ভালো হয়ে যাচ্ছে।’
পশ্চিমবঙ্গে এরআগে গত ২৪ জুন তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ করোনা আক্রান্ত হয়ে মারা যান। সম্প্রতি রাজ্যের সাবেক মন্ত্রী ও সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এবার মারা গেলেন তৃণমূল বিধায়ক সমরেশ দাস। তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন।
মুখ্যমন্ত্রী এক শোক বার্তায় বলেন, ‘পূর্ব মেদিনীপুরের এগরা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক শ্রী সমরেশ দাসের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। তাঁর নিকটাত্মীয় ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাই।’
এদিকে, পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী করোনা আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় গতকাল (রোববার) রাতে তাঁর করোনা পজিটিভ ধরা পড়েছে।
অন্যদিকে, ভারতে আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত ২৬ লাখ ৪৭ হাজার ৬৬৩ জন করোনা আক্রান্ত এবং ৫০ হাজার ৯২১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫৭ হাজার ৯৮১ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৯৪১ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। এপর্যন্ত চিকিৎসা ব্যবস্থা থেকে ১৯ লাখ ১৯ হাজার ৮৪২ জন মুক্ত হওয়ায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লাখ ৭৬ হাজার ৯০০ জনে দাঁড়িয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।