ভারতে করোনায় সুস্থতার হার বেড়ে ৭৩.১৭ শতাংশ, মৃত্যু হার ১.৯১ শতাংশ
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থতার হার বেড়ে ৭৩.১৭ শতাংশ হয়েছে। মৃত্যু হার কমে হয়েছে ১.৯১ শতাংশ। এপর্যন্ত ৩ কোটির বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, দেশে এপর্যন্ত ৩ কোটি ৯ লাখ ৬১ হাজার ২৬৪ জনকে পরীক্ষা করা হয়েছে। গতকাল ১৭ আগস্ট পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৯৯ হাজার ৮৬৪ জনকে।
আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশে এপর্যন্ত ২৭ লাখ ২ হাজার ৭৪৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এবং মারা গেছেন ৫১ হাজার ৭৯৭ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা হল ৬ লাখ ৭৩ হাজার ১৬৬। চিকিৎসা ব্যবস্থা থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৭ হাজার ৭৭৯ জন।
সরকারি সূত্রে প্রকাশ, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ৫৫ হাজার ৭৯ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৮৭৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ভারতে করোনা মহামারীতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৩ মার্চ। মৃতের সংখ্যা ৫০ হাজার পেরোতে ১৫৭ দিন সময় লেগেছে।
করোনায় মৃতের সংখ্যার নিরিখে সবার উপরে রয়েছে মহারাষ্ট্র রাজ্য। সেখানে এপর্যন্ত ২০ হাজার ২৬৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ২২৮ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া তামিলনাড়ু, দিল্লি, কর্ণাটক, গুজরাট, অন্ধ্র প্রদেশ, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্যে উল্লেখযোগ্য সংখ্যায় করোনা রোগীর মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে এপর্যন্ত ২ হাজার ৪৭৩ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৪৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, আজ (মঙ্গলবার) বিজেপি শাসিত উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির অনগ্রসর শ্রেণি সেলের রাজ্য সভাপতি চৌধুরী লোটন রাম নিষাদ এক বিতর্কিত মন্তব্যে বলেছেন, করোনা মহামারী রোগ নয়। বরং এটা বিজেপি’র ষড়যন্ত্র! করোনা নয়, লোকেদের অন্য রোগে মৃত্যু হচ্ছে। তাঁর দাবী, করোনা একটি সাধারণ রোগ! এটা সাধারণ জ্বরের মতো। সেজন্য সরকারি হাসপাতালে কেবলমাত্র প্যারাসিটামল ও গরম পানি দেওয়া হচ্ছে। তাঁর মতে, এসব জিনিষ বাসাতেই ব্যবহার করা যায় সেজন্য হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই বলেও সমাজবাদী পার্টির নেতা চৌধুরী লোটন রাম নিষাদ মন্তব্য করেছেন।
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।