ভারতের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত: রাওয়াত
https://parstoday.ir/bn/news/india-i82990-ভারতের_সশস্ত্র_বাহিনী_যেকোনো_পরিস্থিতির_মোকাবিলা_করতে_প্রস্তুত_রাওয়াত
ভারত ও চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) নিয়ে উত্তেজনা বৃদ্ধির মধ্যে, ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, ভারতের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে। আজ (শুক্রবার) প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সিডিএস জেনারেল রাওয়াত ওই মন্তব্য করেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০২০ ১৬:১৮ Asia/Dhaka
  • জেনারেল বিপিন রাওয়াত
    জেনারেল বিপিন রাওয়াত

ভারত ও চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) নিয়ে উত্তেজনা বৃদ্ধির মধ্যে, ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, ভারতের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে। আজ (শুক্রবার) প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সিডিএস জেনারেল রাওয়াত ওই মন্তব্য করেন।

জেনারেল রাওয়াত সংসদীয় কমিটিকে বলেন, এলএসি’র আশপাশের স্থিতাবস্থা পরিবর্তনের জন্য চীনের যেকোনো তৎপরতা প্রতিরোধ করতে সেনাবাহিনী পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের জওয়ানরা সজাগ রয়েছে এবং তারা সীমান্তে যেকোনো দুঃসাহসের উপযুক্ত জবাব দেবে।

জেনারেল রাওয়াত চলতি মাসের শুরুর দিকে ইউএস-ভারত কৌশলগত অংশীদারি ফোরামেও একইধরণের অভিমত ব্যক্ত করেছিলেন। ভারত-চীন চলমান উত্তেজনা নিরসনে সীমান্ত সংঘাত দূর করতে গতকাল (বৃহস্পতিবার) রাশিয়ার মস্কো শহরে ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকের একদিন পরে আজ জেনারেল রাওয়াতের মন্তব্য প্রকাশ্যে এলো।  

এদিকে,  আজ (শুক্রবার) ভারত-চীন সীমান্ত ইস্যুতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল,  সিডিএস বিপিন রাওয়াত এবং তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তারা ‘এলএসি’কে নিয়ে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন এবং দেশকে সুরক্ষিত রাখার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন। কমপক্ষে দু’ঘন্টা ধরে ওই বৈঠক চলে।

ভারত-চীন সীমান্তে দু’দেশের সেনাদের মধ্যে সাম্প্রতিক সংঘাত ও মুখোমুখি অবস্থানের ফলে বর্তমানে ‘এলএসি’কে ঘিরে চরম উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে।

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি প্রথমবারের মতো আজ প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বৈঠকে অংশগ্রহণ করেন। রাহুল গান্ধী চীনের সাথে সীমান্ত বিবাদ নিয়ে কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারের সমালোচনায় একনাগাড়ে আক্রমণাত্মক অবস্থানে রয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১১  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।