জম্মু-কাশ্মীরে গেরিলা হামলায় সিআরপিএফ কর্মকর্তা নিহত, স্বয়ংক্রিয় রাইফেল ছিনতাই
https://parstoday.ir/bn/news/india-i83330-জম্মু_কাশ্মীরে_গেরিলা_হামলায়_সিআরপিএফ_কর্মকর্তা_নিহত_স্বয়ংক্রিয়_রাইফেল_ছিনতাই
জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলারা আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) উপরে হামলা চালানোয় এন বাদোলে নামে এক কর্মকর্তা নিহত হয়েছেন। নাগপুরের বাসিন্দা ওই জওয়ান ১১৭ নম্বর ব্যাটেলিয়ানে সহকারী উপ-পরিদর্শক পদে কর্মরত ছিলেন। গেরিলারা আহত ওই কর্মকর্তার কাছ থেকে একটি স্বয়ংক্রিয় রাইফেল কেড়ে নিয়ে গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০২০ ১৬:০৬ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মীরে গেরিলা হামলায় সিআরপিএফ কর্মকর্তা নিহত, স্বয়ংক্রিয় রাইফেল ছিনতাই

জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলারা আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) উপরে হামলা চালানোয় এন বাদোলে নামে এক কর্মকর্তা নিহত হয়েছেন। নাগপুরের বাসিন্দা ওই জওয়ান ১১৭ নম্বর ব্যাটেলিয়ানে সহকারী উপ-পরিদর্শক পদে কর্মরত ছিলেন। গেরিলারা আহত ওই কর্মকর্তার কাছ থেকে একটি স্বয়ংক্রিয় রাইফেল কেড়ে নিয়ে গেছে।

সিআরপিএফের মুখপাত্র পঙ্কজ সিং বলেন, ওই জওয়ানের রাইফেলটি পাওয়া যায়নি। পুলিশের এক কর্মকর্তা বলেন, সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে আহত জওয়ানের কাছ থেকে রাইফেল ছিনিয়ে নিয়ে গেছে। আজ (বৃহস্পতিবার) সকালে মধ্য কাশ্মীরের বাডগাম জেলার কেইসারমুল্লা অঞ্চলে গেরিলারা আচমকা সিআরপিএফ দলের উপরে গুলিবর্ষণ করলে ওই কর্মকর্তা নিহত হন। হামলাকারী গেরিলারা অবশ্য ঘটনাস্থল থেকে নিরাপদে পালিয়ে যেতে সমর্থ হয়েছে।

গুরুতর আহত ওই জওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

এরআগে গতকাল (বুধবার) বিকেলে পুলওয়ামায় অজ্ঞাত গেরিলারা  সেনা সদস্যদের বহনকারী একটি গাড়িতে গুলি চালিয়ে পালিয়ে যায়। ওই আক্রমণে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। যদিও হামলার পরে সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।

গণমাধ্যমে প্রকাশ, পুলওয়ামা জেলার চাটপোরা ফায়ার স্টেশনের কাছে যখন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা একটি গাড়িতে করে যাচ্ছিল গেরিলারা তখন ওই হামলা চালিয়েছিল। গত কিছুদিন ধরে গেরিলারা ‘হিট অ্যান্ড রান’কৌশলে উপত্যকার নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করে আসছে। ওই ঘটনার পরে নিরাপত্তা বাহিনী সতর্কতা বাড়িয়েছে।

অন্যদিকে, আজ অবন্তিপোরার ত্রাল এলাকায় গেরিলাদের সঙ্গে সংঘর্ষে এক গেরিলা নিহত হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালালে উভয়পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধ শুরু হয়। নিহত গেরিলার কাছ থেকে অস্ত্র ও গুলিবারুদ উদ্ধার হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।