সরকার পতনের জন্য বিজেপি মুসলিমদের ব্যবহার করছে : অশোক গেহলট
-
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকার এবং বিজেপি’র সমালোচনা করে বলেছেন, নির্বাচনে বিজেপি মুসলিমদের টিকিট দেয় না কিন্তু সরকার পতনের জন্য মুসলিমদের ব্যবহার করে। গতকাল (শুক্রবার) কংগ্রেসের সিনিয়র নেতা ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ওই মন্তব্য করেন।
তিনি বিজেপি নেতা জাফর ইসলামকে রাজস্থানের কংগ্রেস সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রী অশোক গেহলট মুসলিমদের বিষয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপিকে দ্বৈত চরিত্র দেখানোর জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেন, ‘উত্তর প্রদেশের মধ্যে চারশোর বেশি আসন রয়েছে। বিহারে প্রায় আড়াইশোটি আসন রয়েছে। বিজেপি একটি টিকিটও কোনও মুসলিমকে দেয় না। নরেন্দ্র মোদি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে কত সুন্দর বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রী খুব বড় হৃদয়ের উদার ব্যক্তিত্ব সমৃদ্ধ! কথা এবং কাজের মধ্যে কত বড় পার্থক্য! বিজেপি মুসলমানদের টিকিট দেয় না এবং সরকার পতনের জন্য মুসলিমদের ব্যবহার করে।’
কৃষি আইন সম্পর্কে কেন্দ্রীয় সরকার ও কৃষকদের মধ্যে চলমান বিবাদের কথা উল্লেখ করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, কারও এত অসংবেদনশীল হওয়া উচিত নয়। তিনি বলেন, ‘আমরা কৃষকদের জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছি। কেন্দ্রীয় সরকার যে তিনটি আইন প্রণয়ন করেছিল তাতে আমরা কৃষকদের সুবিধার্থে সংশোধন করেছি। কেন্দ্রীয় সরকার বুঝতে পারছে না। এই শীতের সময়ে যখন জয়পুরের বাড়িতে বসে থাকাই আমাদের সমস্যা হচ্ছে তখন কৃষকরা বনে শুয়ে আছেন। কারও এত অসংবেদনশীল হওয়া উচিত নয়।’ #
পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।