‘এলএসি’তে সামরিক শক্তি বাড়াচ্ছে চীন, সতর্কতা ও নজরদারি ভারতের
ভারত-চীন সীমান্তে চলমান সংঘাতের আবহে সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা ‘এলএসি’ বরাবর চীন, সেনা ও অস্ত্র সরঞ্জাম বাড়াচ্ছে। ভারতও এ ব্যাপারে সতর্কতা ও নজরদারি বাড়িয়েছে।
ভারতের সাথে নবম দফায় সামরিক স্তরের সংলাপের পরেও চীনা সেনাবাহিনী পূর্ব লাদাখ সীমান্তের ‘এলএসি’ থেকে পিছু হঠছে না। বরং চীন, সীমান্তে একনাগাড়ে তার সামরিক শক্তি বাড়িয়ে চলেছে। গণমাধ্যমে প্রকাশ, চীন ইতোমধ্যে সীমান্তে সামরিক অস্ত্রের সংখ্যা বাড়িয়েছে। এর জবাবে ভারতও সতর্কতা ও নজরদারি বাড়িয়েছে।
চীনা সামরিক বাহিনী সম্প্রতি নতুনভাবে সেনা মোতায়েন করেছে। সেনাদের কেবল নতুনভাবে মোতায়েন করা হয়নি, বরং এলএসিতে ভারী সামরিক অস্ত্রও মোতায়েন করেছে।পূর্ব লাদাখের চুমারে ‘এলএসি’ থেকে মাত্র ৮২ কিলোমিটার দূরে চীনা সেনাবাহিনীর ক্যাম্পের আশেপাশে ৩৫ টি ভারী সামরিক যানবাহন এবং চারটি ১৫৫ মিমি পিএলজেড, ৮৩ সেলফ প্রোপেলড হাউতজার মোতায়েন করা হয়েছে। এলএসি থেকে ৯০ কিলোমিটার দূরে সেনাদের জন্য চারটি নতুন বড় শেড তৈরি করেছে। এর পাশাপাশি ভারী যানবাহন মোতায়েন করা হয়েছে। নতুন করে নির্মাণকাজও চলছে।
ভারতীয় সেনা কমান্ডারদের মতে, প্যাংগং তসোর উত্তর দিকে ফিঙ্গার ফোর এবং ফিঙ্গার সেভেনের মধ্যে একটি নতুন মোতায়েনের ঘটনা ঘটেছে এবং সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করেছে চীন। গত বছর মে মাস থেকে, ‘এলএসি’তে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল।
অন্যদিকে, সীমান্তে চীন ২০ টি সামরিক যানবাহন এবং অন্যান্য ধরণের সরঞ্জাম মোতায়েন করেছে। এলএসি থেকে ১৬ কিলোমিটার দূরে ওই মোতায়েন করা হয়েছে। চীনা সামরিক বাহিনী গত বছরের ডিসেম্বর থেকে নিজেদেরকে শক্তিশালী করছে। এক সামরিক কর্মকর্তা বলেন, চীনা সামরিক বাহিনী নিজেদের শক্তিশালী করছে। চীন লাদাখে ১৫৯৭ কিলোমিটার এলএসিতে দীর্ঘ সময়ের জন্য সেনা মোতায়েন করেছে। ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে টক্কর দেওয়ার জন্য এটি করা হচ্ছে। অন্যদিকে, সীমান্তে ভারতও উপযুক্ত সামরিক সরঞ্জামসহ সেনা মোতায়েন করে পরিস্থিতি মোকাবিলায় দৃঢ় অবস্থানে রয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।