নিষেধাজ্ঞা নিষ্ক্রিয় করার প্রচেষ্টার সঙ্গে ভিয়েনা আলোচনার সম্পর্ক নেই: রায়িসি
https://parstoday.ir/bn/news/iran-i102510-নিষেধাজ্ঞা_নিষ্ক্রিয়_করার_প্রচেষ্টার_সঙ্গে_ভিয়েনা_আলোচনার_সম্পর্ক_নেই_রায়িসি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, তেহরানের ওপর আরোপ করা মার্কিন অবৈধ নিষেধাজ্ঞা নিষ্ক্রিয় করার ব্যাপারে তার প্রশাসন যে প্রচেষ্টা চালাচ্ছে তার সঙ্গে ভিয়েনা আলোচনার কোনো সম্পর্ক নেই।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১৪, ২০২২ ১৮:৫৮ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি
    ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, তেহরানের ওপর আরোপ করা মার্কিন অবৈধ নিষেধাজ্ঞা নিষ্ক্রিয় করার ব্যাপারে তার প্রশাসন যে প্রচেষ্টা চালাচ্ছে তার সঙ্গে ভিয়েনা আলোচনার কোনো সম্পর্ক নেই।

আজ (শুক্রবার) সকালে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে একথা বলেছেন তিনি। প্রেসিডেন্ট রায়িসি বলেন, তার প্রশাসন নিষেধাজ্ঞা নিষ্ক্রিয় করার ব্যাপারে সব প্রচেষ্টা এক জায়গায় কেন্দ্রীভূত করবে না।

ইবরাহিম রায়িসি তারপর টুইটার পোস্টে আরো বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সরকারের কাছে গুরুত্বপূর্ণ এজেন্ডা তবে ভিয়েনা আলোচনার ওপর তা নির্ভরশীল করে ফেলা হবে না। এ কারণেই আজকে এবং নিষেধাজ্ঞা পরিস্থিতির মধ্যেই আমাদের তেল বিক্রি এত বেশি বেড়েছে যে, আমরা এ নিয়ে আর চিন্তিত নই।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্য্যান্টনি ব্লিংকেন

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্য্যান্টনি ব্লিংকেন বলেছেন, পরমাণু সমঝোতা বাঁচানোর জন্য আর মাত্র কয়েক সপ্তাহ সময় হাতে আছে। তিনি সতর্ক করে বলেন, যদি ভিয়েনা আলোচনা ব্যর্থ হয় তাহলে আমেরিকা ভিন্ন কোনো পথ বেছে নিতে প্রস্তুত রয়েছে। আমেরিকার সরকারি রেডিও স্টেশন এনপিআর-কে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ব্লিংকেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের হাতে খুবই কম সময় আছে, ইরান প্রতিদিন এমন একটি জায়গায় পৌঁছে যাওয়ার কাছাকাছি চলে যাচ্ছে যেখান থেকে তারা সহজেই পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ফিসাইল তৈরি করে ফেলতে পারে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ দাবি করলেও ইরান সবসময় বলছে তাদের হাতে কোনো পরমাণু অস্ত্র কর্মসূচি নেই এবং তারা কখনো পরমাণু অস্ত্র বানাবে না। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র পক্ষ থেকেও বলা হয়েছে- ইরানের পরমাণু কর্মসূচি সামরিক দিকে মোড় নেয় নি।#

পার্সটুডে/এসআইবি/১৪