‘আট থেকে আশি বছরের সবাই রংধনু আসরকে আপন করে নিয়েছে’
https://parstoday.ir/bn/news/iran-i102646-আট_থেকে_আশি_বছরের_সবাই_রংধনু_আসরকে_আপন_করে_নিয়েছে’
মহাশয়, সালাম ও শুভেচ্ছা জানবেন। একদিকে পৌষ-পার্বণের ছুটি অন্যদিকে ঘনকুয়াশা ও হাড় কাঁপানো শীতে ঘর থেকে বাহির হতেই ইচ্ছা হচ্ছে না। তাই ভাবলাম আপাতত রেডিও তেহরানের রংধনু আসর সম্পর্কে একটি ইমেইল লিখে বসে থাকা সময়টুকুকে সদ্ব্যবহার করি। সেই জন্যই আজকের এই প্রয়াস।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ১৮, ২০২২ ০৯:৪৪ Asia/Dhaka
  • ‘আট থেকে আশি বছরের সবাই রংধনু আসরকে আপন করে নিয়েছে’

মহাশয়, সালাম ও শুভেচ্ছা জানবেন। একদিকে পৌষ-পার্বণের ছুটি অন্যদিকে ঘনকুয়াশা ও হাড় কাঁপানো শীতে ঘর থেকে বাহির হতেই ইচ্ছা হচ্ছে না। তাই ভাবলাম আপাতত রেডিও তেহরানের রংধনু আসর সম্পর্কে একটি ইমেইল লিখে বসে থাকা সময়টুকুকে সদ্ব্যবহার করি। সেই জন্যই আজকের এই প্রয়াস।

বিগত বছরের ন্যায় এ বছরও প্রতি বৃহস্পতিবারে রেডিও তেহরান-এর বাংলা অনুষ্ঠানে শিশু-কিশোরদের জন্য বিনোদনমূলক আয়োজন রংধনু অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠানটির গ্রন্থনা ও প্রযোজনায় ছিলেন শ্রদ্ধেয় আশরাফুর রহমান ভাই আর পরিবেশনায় ভাই নাসির মাহমুদ ও বোন আকতার জাহান।

আজকের রংধনুটি ছিল চমৎকার এক গল্পের পসরা দিয়ে সাজানো। তবে সে গল্প সাধারণ কোনো লোকের রচিত গল্প নয়। এটি একজন বিখ্যাত মৌলানা, সুফি সাধক, সপ্তম হিজরীর ইরানের একজন বিখ্যাত কবি-সাহিত্যিক, আধ্যাত্মিক ব্যক্তিত্ব, এক নামে সবার পরিচিত জালাল উদ্দিন রুমীর মসনবী শরীফ থেকেই নেওয়া একটি বিখ্যাত গল্প

সুন্দর অনুভবের অসাধারণ গল্পটি শিশু-কিশোরদের মনে যেমন আনন্দ যুগিয়েছে, তেমনি বড়দেরকেও দিয়েছে মনোরঞ্জনের খোরাক, অনেক উপদেশ ও শিক্ষা। রংধনু আসরে শুধু গল্প বলাই আসল উদ্দেশ্য নয়; উদ্দেশ্য হচ্ছে নীতি-নৈতিকতার শিক্ষা, উপদেশ প্রদান ও গল্পের মাধ্যমে মানুষের চরিত্র বিশ্লেষণ ও চরিত্র গঠন ‌‌করা। তাই আট থেকে আশি বছরের সবাই রংধনু আসরটিকে আপন করে নিয়েছে এবং অনুষ্ঠানটি শোনার জন্য প্রতি সপ্তাহে শ্রোতাবন্ধু ও পরিবারের শিশু-কিশোররা অধীর আগ্রহে অপেক্ষায় থাকে।

সেই সাথে প্রতি সপ্তাহে শিশু-কিশোরদের কণ্ঠে সুন্দর অনুভবের গান অথবা কবিতা আবৃত্তি অনুষ্ঠানটিকে আরো হৃদয়গ্রাহী, মনোমুগ্ধকর ও আবেদনশীল করে নতুনমাত্রা প্রদান করেছে। আজও তেমনি একটি চিরন্তন সত্য উপলব্ধির গান প্রচারিত হয়েছে। শিশু-কিশোরদের মা-বাবা, সমাজ ও দেশের নিকট একজন আদর্শ, চরিত্রবান, সুনাগরিক সর্বোপরি একজন ভালো মানুষ হবার প্রত্যাশা নিয়ে লিটন হাফিজ চৌধুরীর রচিত ও সুর আরোপিত গান এক ঝাঁক ছোট্টবন্ধুর কণ্ঠে "আমরা শিশু আমাদেরকে ভুল শেখাবেন না"- শীর্ষক গানটি দারুণভাবে উপভোগ করলাম। এই যদি হয় আমাদের দেশের নব প্রজন্মের চাওয়া পাওয়া এবং এই শিক্ষাই যদি তাঁরা গ্রহণ করে তাহলে নবপ্রজন্ম কখনো উশৃঙ্খল, বিপথগামী ও পথভ্রষ্ট হবে না, হবে সুনাগরিক ও আদর্শ মানুষ। আর তাঁরাই দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাবে উন্নতির উচ্চ সোপানে।

রেডিও তেহরান সুন্দর একটি শিক্ষণীয় রংধনু আসর উপহার দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শেষে আবারও সবাইকে নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।

 

ধন্যবাদান্তে,

আব্দুস সালাম সিদ্দিক,

সকাল-সন্ধ্যা রেডিও লিসেনার্স ক্লাব,

কান্দুলিয়া, বড়পেটা, আসাম, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।