আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্দুল্লাহিয়ানের টেলিফোন সংলাপ
https://parstoday.ir/bn/news/iran-i103296-আরব_আমিরাতের_পররাষ্ট্রমন্ত্রীর_সঙ্গে_আব্দুল্লাহিয়ানের_টেলিফোন_সংলাপ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক বিষয়াদি নিয়ে টেলিফোনে কথা বলেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৩, ২০২২ ০৭:০৮ Asia/Dhaka
  • আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান-হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান-হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক বিষয়াদি নিয়ে টেলিফোনে কথা বলেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।

টেলিফোনালাপে আব্দুল্লাহিয়ান আরব আমিরাতের সঙ্গে ইরানের সম্পর্ককে ‘ইতিবাচক ও অগ্রসরমান’ বর্ণনা করে বলেছেন, এ সম্পর্ককে আরো এগিয়ে নিতে দু’দেশের কর্মকর্তাদের মধ্যে সাক্ষাৎ ও যোগাযোগের একটি ভালো সংস্কৃতি গড়ে উঠেছে। 

তিনি ইয়েমেন সংকট প্রসঙ্গে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, “আমরা বিশ্বাস করি যুদ্ধ ও সংঘাত ইয়েমেন যুদ্ধে জড়িত কোনো পক্ষের কিংবা মধ্যপ্রাচ্যের স্বার্থ রক্ষা করবে না।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বরং আরব দেশগুলোতে ইহুদিবাদী ইসরাইলের উপস্থিতিকে এ অঞ্চলের সবগুলো দেশের জন্য হুমকি বলে বর্ণনা করেন। তিনি বলেন, ‘সংকট সৃষ্টিকারী উপাদানগুলো’ যাতে এ অঞ্চলে পা রাখতে না পারে সেজন্য সবার চেষ্টা চালানো উচিত। 

২০২০ সালে ইহুদিবাদী ইসরাইলকে স্বীকৃতি দিয়ে এই অবৈধ রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি ইসরাইলি প্রধানমন্ত্রী পর্যন্ত আবু ধাবি সফর করে গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোন সংলাপে আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে সংযুক্ত আরব আমিরাত অত্যন্ত আন্তরিক। তিনি বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের মধ্যে সংলাপ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ইয়েমেন প্রসঙ্গে বলেন, “আমরা ইয়েমেন যুদ্ধে জড়িত সবগুলো পক্ষকে জাতিসংঘের মধ্যস্থতায় একটি রাজনৈতিক সমাধানে যেতে উৎসাহিত করার চেষ্টা করছি।” 

২০১৫ সালের ২৬ মার্চ থেকে দরিদ্র পীড়িত ইয়েমেনের ওপর ভয়াবহ সামরিক আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন কথিত আরব সামরিক জোট। সংযুক্ত আরব আমিরাত হচ্ছে এই সৌদি জোটের সবচেয়ে সক্রিয় এবং আগ্রাসী সমর্থক। সৌদি জোটের ভয়াবহ আগ্রাসনে নিরুপায় হয়ে ইয়েমেনের সামরিক বাহিনী সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের ওপর কয়েক দফা দূর নিয়ন্ত্রিত আকাশ হামলা চালিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/এআর/৩