ইরানি সংসদ সদস্যের মন্তব্য
রাশিয়া-ইউক্রেন সংঘাতের মূল কারণ ন্যাটো জোটের সম্প্রসারণবাদিতা
-
আবুল ফাজল আমুয়ি (ডানে) ও বেলারুশের রাষ্ট্রদূত
ইসলামি প্রজাতন্ত্র ইরানের একজন সংসদ সদস্য বলেছেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাতের মূল কারণ হচ্ছে ন্যাটো জোটের সম্প্রসারণবাদী নীতি। এক্ষেত্রে বেলারুশ কৌশলগত অবস্থানে থাকার কারণে আলাদা ভূমিকা পালন করতে পারে।
ইরান-বেলারুশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের ইরানি পক্ষের প্রধান আবুল ফাজল আমুয়ি একথা বলেন। ইরানে নিযুক্ত বেলারুশের রাষ্ট্রদূত দিমিত্রি কোলৎসবের সঙ্গে গতকাল (শনিবার) এক বৈঠকে এসব কথা বলেন আমুয়ি। যখন রাশিয়া এবং ইউক্রেনের সেনারা কয়েকটি শহরে মুখোমুখি অবস্থানে থেকে লড়াই করছে তখন এই বক্তব্য দিলেন ইরানের সংসদ সদস্য।
তিনি বলেন, চলমান পরিস্থিতিতে সব দেশকে এই সংঘাত বন্ধের জন্য উদ্যোগ নিতে হবে কারণ এই যুদ্ধে বেশিরভাগ নিরপরাধ লোকজন মারা যাচ্ছেন। এ সময় তিনি বলেন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো যে সম্প্রসারণবাদী দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং তাদের লক্ষ্য পূরণের জন্য যে উসকানিমূলক ভূমিকা রেখেছে তার ফল হচ্ছে আজকের এই রাশিয়া-ইউক্রেন সংঘাত।
তিনি সুস্পষ্ট করে বলেন, ন্যাটো জোট যদি উসকানিমূলক ভূমিকা না নিত তাহলে আজকের এই সংঘাত আমাদেরকে দেখতে হতো না। চলমান সংকট নিরসনের ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরান রাজনৈতিক সমাধান দেখতে চাই বলে এই সংসদ সদস্য উল্লেখ করেন।
বৈঠকে বেলারুশের রাষ্ট্রদূত বলেন, পশ্চিমা কয়েকটি দেশের দায়িত্বজ্ঞানহীন নীতির কারণে পূর্ব ইউরোপে আজকে এই সমস্ত ঘটনা ঘটছে। তিনি বলেন ইউক্রেন সংকট সমাধানের জন্য তার দেশ সব সময় রাজনৈতিক সংলাপের ওপর গুরুত্ব দিয়ে এসেছে।#
পার্সটুডে/এসআইবি/২৭