ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে কী বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i105224-ইউক্রেনের_পররাষ্ট্রমন্ত্রীকে_ফোন_করে_কী_বললেন_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকট নিরসনের জন্য ইরান সবরকম প্রচেষ্টা চালাবে বলে কিয়েভকে আশ্বাস দিয়েছে তেহরান। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে এক টেলিফোনালাপে এই আশ্বাস দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৫, ২০২২ ০৪:১৩ Asia/Dhaka
  • দিমিত্রো কুলেবা- হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    দিমিত্রো কুলেবা- হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকট নিরসনের জন্য ইরান সবরকম প্রচেষ্টা চালাবে বলে কিয়েভকে আশ্বাস দিয়েছে তেহরান। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে এক টেলিফোনালাপে এই আশ্বাস দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।

তিনি গতরাতে অনুষ্ঠিত ওই টেলিফোনালাপে বলেন, যুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে বেসামরিক ও কূটনৈতিক স্থাপনাগুলো রক্ষা করতে হবে এবং যেকোনো পরিস্থিতিতে মানবিক ত্রাণ পাঠানোর সুযোগ খোলা রাখতে হবে।এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী ইরান ও ইউক্রেনের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা করেন।

আমির-আব্দুল্লাহিয়ান সুস্পষ্ট করে বলেন, ইরান যেকোনো যুদ্ধের বিরোধী এবং সব রকম মতবিরোধ সংলাপের মাধ্যমে সমাধানে বিশ্বাসী। তুরস্কে সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের মুখোমুখি বৈঠকের প্রতি সমর্থন ঘোষণা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের সংলাপে গতি এনে চলমান সংকট নিরসন করতে হবে।তিনি ইউক্রেন সংকটের মূল কারণের প্রতি ইঙ্গিত করে বলেন, ইরান শুধু ইউক্রেন নয় সেইসঙ্গে আফগানিস্তান এবং ইয়েমেন যুদ্ধেরও বিরোধী।

পোল্যান্ডে আশ্রয় নেয়া ইউক্রেনের শরণার্থীদের জন্য ইরান ওই দুই দেশের সীমান্ত অঞ্চলে ত্রাণ পাঠিয়েছে বলে জানান আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, পোল্যান্ড সীমান্তে ইরানি চিকিৎসক দল পাঠানোর জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তেহরান আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি ইউক্রেনে আটকে পড়া চার সদস্যের একটি ইরানি পরিবারকে নিরাপদে দেশটি থেকে বের করে আনার জন্য কিয়েভের সাহায্য কামনা করেন।

টেলিফোনালাপে যুদ্ধের বিরোধিতা করায় এবং পোল্যান্ড-ইউক্রেন সীমান্তে ত্রাণ পাঠানোয় ইরানকে কৃতজ্ঞতা জানিয়ে ইউক্রেনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের সেনাবাহিনী কিয়েভের কূটনৈতিক স্থাপনাগুলো বিশেষ করে ইরানের কূটনৈতিক মিশনের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালাবে।

ওই টেলিফোনালাপের পর নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরান যুদ্ধের বিরোধী এবং কূটনৈতিক উপায়ে চলমান সংকটের সমাধান চায়।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।