তেহরানে রজব তাইয়্যেব এরদোগান; আসছেন ভ্লাদিমির পুতিন
https://parstoday.ir/bn/news/iran-i110734-তেহরানে_রজব_তাইয়্যেব_এরদোগান_আসছেন_ভ্লাদিমির_পুতিন
‘সিরিয়া শান্তি প্রক্রিয়া’ নিয়ে ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। ইরান, তুরস্ক ও রাশিয়ার উদ্যোগে অনুষ্ঠিত ‘আস্তানা শান্তি প্রক্রিয়ার’ মাধ্যমে সিরিয়ার প্রায় এক দশকের সহিংসতা বন্ধ হয়েছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৯, ২০২২ ০২:৪১ Asia/Dhaka
  • তেহরানে রজব তাইয়্যেব এরদোগান; আসছেন ভ্লাদিমির পুতিন

‘সিরিয়া শান্তি প্রক্রিয়া’ নিয়ে ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। ইরান, তুরস্ক ও রাশিয়ার উদ্যোগে অনুষ্ঠিত ‘আস্তানা শান্তি প্রক্রিয়ার’ মাধ্যমে সিরিয়ার প্রায় এক দশকের সহিংসতা বন্ধ হয়েছিল।

ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ (মঙ্গলবার) আরো পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরানে আসবেন বলে কথা রয়েছে। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর এটি হবে পুতিনের দ্বিতীয় দফা বিদেশ সফর। এক মাসেরও কম সময়ে পুতিন কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর সম্মেলনে যোগ দিতে তুর্কমেনিস্তানের রাজধানী আশকাবাদে ও সেখান থেকে তাজিকিস্তানেও সফর করেন।

প্রেসিডেন্ট এরদোগান সিরিয়ার উত্তরাঞ্চলে নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছেন। তবে রাশিয়া ও ইরান সিরিয়ায় তুর্কি আগ্রাসনের বিরোধী এবং আসন্ন ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে এ বিষয়ে এরদোগানকে বোঝানোর চেষ্টা করবেন পুতিন ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি।

ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে অংশ নেবেন পুতিন, রায়িসি ও এরদোগান

ইরান এরইমধ্যে সতর্ক করে দিয়ে বলেছে, সিরিয়ায় তুরস্কের যেকোনো আগ্রাসন গোটা অঞ্চলকে অস্থিতিশীল করবে। সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের বিচ্ছিন্নতাবাদী কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো আশ্রয় নিয়েছে বল অভিযোগ তুলে সেখানে ২০১৬ সাল থেকে বেশ কয়েকবার সামরিক অভিযান চালিয়েছে তুরস্ক।  

সিরিয়া সরকার বারবার সেদেশের উত্তরাঞ্চলে তুর্কি আগ্রাসনের নিন্দা জানিয়েছে। রাশিয়া আবার আগ্রাসন চালানো থেকে বিরত থাকতে আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।