স্বাধীন ও শক্তিশালী ইরাক আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় সহযোগিতা করবে
https://parstoday.ir/bn/news/iran-i115112-স্বাধীন_ও_শক্তিশালী_ইরাক_আঞ্চলিক_নিরাপত্তা_প্রতিষ্ঠায়_সহযোগিতা_করবে
ইসলামী প্রজাতন্ত্রী ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, প্রতিবেশী ইরাক স্বাধীন এবং শক্তিশালী হলে আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় ইতিবাচক এবং গঠনমূলক ভূমিকা রাখতে পারবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৯, ২০২২ ০৬:৩৮ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি
    ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি

ইসলামী প্রজাতন্ত্রী ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, প্রতিবেশী ইরাক স্বাধীন এবং শক্তিশালী হলে আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় ইতিবাচক এবং গঠনমূলক ভূমিকা রাখতে পারবে।

ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আস-সুদানিকে পাঠানো এক অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট রায়িসি গতকাল (শুক্রবার) এ কথা বলেছেন। শিয়া আস-সুদানি ইরাকের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আশা করা হচ্ছে গত এক বছর ধরে চলে আসা রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটবে।

প্রেসিডেন্ট রায়িসি তার অভিনন্দন বার্তায় বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময়ই ইরাকের জনগণের ভোটের ভিত্তিতে যে রাজনৈতিক প্রক্রিয়া চলে আসছে ইরান তার প্রতি সমর্থন দিয়েছে এবং আরব এই দেশটির সঙ্গে সম্প্রীতির বন্ধন জোরদার করার জন্য এমন কোনো প্রচেষ্টা নেই যা ইরান বাদ দিয়েছে।

ইরাকের সংসদ

ইরান ও ইরাকের মধ্যকার সভ্যতা এবং সংস্কৃতির শিকড় অত্যন্ত গভীরে এবং অভিন্ন। দুই দেশের এই অভিন্ন সংস্কৃতি ও সভ্যতার উপর ভিত্তি করে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো উন্নত হবে।

প্রেসিডেন্ট রায়িসি অভিনন্দন বার্তায় জোর দিয়ে বলেছেন, ইরাকের সঙ্গে তার সরকার সহযোগিতা বাড়াবে।

বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রীর মনোনীত ২১ সদস্যের মন্ত্রিসভাকে অনুমোদন দিয়েছেন দেশটির সংসদ সদস্যরা। এর এক সপ্তাহ আগে ইরাকের জাতীয় সংসদ আব্দুল লতিফ রশিদকে দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই তিনি আস-সুদানিকে ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।

গতবছরের অক্টোবর মাসের দিকে ইরাকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তাতে শিয়া নেতা মুক্তাদা আস-সাদরের জোট সবচেয়ে বেশি আসন লাভ করে কিন্তু সরকার গঠনের মত প্রয়োজনীয় আসন তার হাতে ছিল না। ইরাকে গণবিক্ষোভের মুখে সে সময়কার সরকার পদত্যাগ করে এবং নতুন নির্বাচন দেয়।#

পার্সটুডে/এসআইবি/২৯