সিরিয়ায় আইআরজিসি'র দ্বিতীয় কর্মকর্তা শহীদ
ইহুদিবাদী ইসরাইলকে চড়ামূল্য দেয়ার হুঁশিয়ার দিল ইরান
-
সর্বশেষ শহীদ হওয়া ইরানি কর্মকর্তা মেকদাদ মেহকনি
সিরিয়ায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র দ্বিতীয় কর্মকর্তা শহীদ হওয়ার পর ইহুদিবাদী ইসরাইলকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। তেহরান বলেছে, ক্ষেপণাস্ত্র হামলায় দুই সামরিক উপদেষ্টা হত্যার জন্য চড়ামূল্য দিতে হবে তেল আবিবকে।
আইআরজিসি এক বিবৃতির মাধ্যমে দুই সেনা কর্মকর্তা হত্যার প্রতিশোধের অঙ্গীকার করেছে। আইআরজিসি বলেছে, ভুয়া এবং অপরাধী ইহুদিবাদী সরকার এই ঘৃণ্য অপরাধের জন্য নিঃসন্দেহে প্রতিশোধের মুখে পড়বে।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি শুক্রবার এক বিবৃতিতে ইহুদিবাদী ইসরাইলের হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেন, ইসরাইলিদের অবরোধযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় উপযুক্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার কারণে তারা সিরিয়ার সার্বভৌমত্ব নিয়মিতভাবে লংঘন করার সাহস পাচ্ছে।
ইসরাইল টানা তিন রাত সিরিয়ার রাজধানীর দামেস্কসহ বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলা চালিয়েছে। এর মধ্যে দামেস্কের হামলায় আইআরজিসি’র দুই কর্মকর্তা শহীদ হন।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/২