ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি
‘আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ ইসরাইলের ধ্বংসের ইঙ্গিত বহন করে’
-
মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি
ইরানের শীর্ষ জেনারেল বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ ইহুদিবাদী ইসরাইলের আশু ধ্বংসের ইঙ্গিত বহন করছে। তিনি আরো বলেছেন, বিশ্ব সাম্রাজ্যবাদ তার শক্তি হারাচ্ছে এবং ইসলামি প্রজাতন্ত্র ইরান দিন দিন শক্তিশালী হয়ে উঠছে।
ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি গতকাল (সোমবার) তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন। তিনি বলেন, বিগত এক বছরে ইরানের সশস্ত্র বাহিনী নিজের প্রতিরক্ষা সক্ষমতা ও প্রস্তুতি শক্তিশালী করেছে।
তিনি বলেন, “আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ থেকে একথা সুস্পষ্টভাবে বোঝা যায় যে, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি দুর্বল হয়ে পড়ছে এবং ইহুদিবাদী ইসরাইল ক্রমান্বয়ে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এর বিপরীতে আমাদের দেশ ও প্রতিরোধ অক্ষের শক্তিমত্তা বেড়ে চলেছে।”
জেনারেল বাকেরি বলেন, বহু মার্কিন চিন্তাবিদ, এমনকি মার্কিন রাজনীতিবিদরা পর্যন্ত এ বাস্তবতা উপলব্ধি করেছেন। ইরানের সেনাপ্রধান বলেন, এমনকি অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রেসিডেন্ট পর্যন্ত বহুবার একথা স্বীকার করেছে যে, ইসরাইল ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। জেনারেল বাকেরি বলেন, আমাদের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীও এ প্রত্যয় জানিয়েছেন যে, ২৫ বছর পরে আর ইসরাইল নামক কোনো কিছুর অস্তিত্ব থাকবে না।
ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ গত ফেব্রুয়ারি মাসে এই অবৈধ রাষ্ট্রে সংঘাত ও রক্তপাতের আশঙ্কা করে বলেছিলেন, তেল আবিব সামাজিক ও সাংবিধানিক পতনের দ্বারপ্রান্তে রয়েছে।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/৪