রাশিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইরান সফরে আসছে
https://parstoday.ir/bn/news/iran-i122396-রাশিয়ার_একটি_উচ্চ_পর্যায়ের_প্রতিনিধিদল_ইরান_সফরে_আসছে
অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য রাশিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আগামী মাসে ইসলামি প্রজাতন্ত্র ইরান সফর করবে। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং তেল-গ্যাস থেকে শুরু করে পরিবহন খাতে সহযোগিতার বিষয় নিয়ে প্রতিনিধিদলটি ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে বলে কথা রয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ২৫, ২০২৩ ০৮:২৫ Asia/Dhaka
  • রাশিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইরান সফরে আসছে

অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য রাশিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আগামী মাসে ইসলামি প্রজাতন্ত্র ইরান সফর করবে। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং তেল-গ্যাস থেকে শুরু করে পরিবহন খাতে সহযোগিতার বিষয় নিয়ে প্রতিনিধিদলটি ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে বলে কথা রয়েছে।

ইরানের তেল মন্ত্রণালয়ের নিউজ ওয়েবসাইট শানা গতকাল (সোমবার) জানিয়েছে, রাশিয়ার প্রতিনিধিদলটি মে মাসের মাঝামাঝি তেহরান পৌঁছাবে এবং তারা ইরানের ২৭তম তেল প্রদর্শনীতে যোগ দেবে।

শানা আরো জানিয়েছে, রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এই প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন। ইরান এবং রাশিয়ার মধ্যে বর্তমানে যে আন্তঃসরকার কমিশন কার্যকর রয়েছে তার নেতৃত্বে রয়েছেন আলেকজান্ডার নোভাক এবং ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি।

ইরানের উপ তেলমন্ত্রী আহমাদ আসাদযাদে জানান, তেল প্রদর্শনীতে অংশ নেয়ার পাশাপাশি রাশিয়ার প্রতিনিধিদল ইরানি ব্যবসায়ী ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। এসব আলোচনায় ব্যাংকিং, কার্গো পরিবহন, তেল-গ্যাস এবং পেট্রোকেমিক্যাল খাতে সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে আসাদযাদে জানান। এ সময় দুই পক্ষ বেশ কয়েকটি চুক্তিতে সই করবে বলে আশা করা হচ্ছে।

গত বছরের প্রথম দিকে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকে রাশিয়া এবং ইরান উল্লেখযোগ্যভাবে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর জন্য নানা পদক্ষেপ নিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/‌এমএআর/২৫