ইসরায়েলি পণ্য নিষিদ্ধে আয়ারল্যান্ডের পদক্ষেপকে স্বাগত জানাল ইরান
-
কাজেম গারিবাবাদি
পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি আয়ারল্যান্ডে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারির আইন পাসকে একটি প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
আইআরআইবি এবং সিবিএ নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) আয়ারল্যান্ডের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছেন। আয়ারল্যান্ড কর্তৃক ইসরায়েলি অবৈধ বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করার আইন পাসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি লিখেছেন, "অবৈধ ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করার আইন পাসের বিষয়ে আয়ারল্যান্ডের এই সিদ্ধান্ত অত্যন্ত প্রশংসনীয়। এটি আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শনকে স্রেফ মুখের কথা বা স্লোগান থেকে বাস্তবে রূপ দেওয়ার একটি বড় পদক্ষেপ।"
২০০৪ সালের আন্তর্জাতিক আদালতের (আইসিজে) একটি পরামর্শমূলক মতামতের কথা উল্লেখ করে গারিবাবাদি জানান, আদালত স্পষ্ট বলেছিল যে এই বসতিগুলো গড়ে তোলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তিনি জোর দিয়ে বলেন: "এই নিয়ম অনুযায়ী, বিশ্বের সব দেশের দায়িত্ব হলো এই অবৈধ পরিস্থিতিকে স্বীকৃতি না দেওয়া এবং তা বজায় রাখতে কোনো সাহায্য না করা। তাই এসব বসতির উৎপাদিত পণ্য কেনাবেচা কোনো স্বাভাবিক ব্যবসা নয়, বরং দখলদারিত্ব টিকিয়ে রাখা এবং একটি অবৈধ পরিস্থিতিকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক অংশীদারিত্বের শামিল।"
তিনি পশ্চিমা দেশগুলোকে, বিশেষ করে যারা আন্তর্জাতিক আইনের পক্ষে কথা বলে, তাদের আহ্বান জানান যেন তারা নিজেদের ঘোষিত নীতিগুলো বাস্তবে কার্যকর করে। তার মতে, ইসরায়েলের চাপ, কিছু মার্কিন আইনপ্রণেতা এবং বাণিজ্যিক লবির প্রভাবের কাছে নতি স্বীকার না করে এই নীতিগুলো বাস্তবায়ন করা উচিত।
উল্লেখ্য, আয়ারল্যান্ড সরকার একটি আইনের খসড়া অনুমোদন করেছে যা ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করে। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী 'হেলেন ম্যাকএন্টি' এই প্রসঙ্গে বলেছেন: "ডাবলিন (আয়ারল্যান্ডের রাজধানী) পুরো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) স্তরেও ইসরায়েলি বসতিগুলোর বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে।" তাঁর মতে, পুরো ইউরোপীয় ইউনিয়নজুড়ে এই অবৈধ বসতিগুলোর সাথে বাণিজ্য সম্পূর্ণ নিষিদ্ধ করাই হবে ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে সবচেয়ে জোরালো জবাব।#
পার্সটুডে/এমএআর/২৭