জাতীয় স্বার্থ রক্ষায় কূটনীতি ও মাঠের কার্যক্রম পাশাপাশি কাজ করে: বাকায়ি
https://parstoday.ir/bn/news/iran-i160138-জাতীয়_স্বার্থ_রক্ষায়_কূটনীতি_ও_মাঠের_কার্যক্রম_পাশাপাশি_কাজ_করে_বাকায়ি
পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি বলেছেন, যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী বক্তব্য ইতোমধ্যেই চলমান কূটনৈতিক প্রক্রিয়ায় যথেষ্ট অস্থিরতা সৃষ্টি করেছে। তিনি বলেন, “গত ২৪ ঘণ্টায় যা ঘটেছে, তা কেবল এই বিশৃঙ্খল পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।
(last modified 2026-06-08T13:24:32+00:00 )
জুন ০৮, ২০২৬ ১৯:২০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি

পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি বলেছেন, যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী বক্তব্য ইতোমধ্যেই চলমান কূটনৈতিক প্রক্রিয়ায় যথেষ্ট অস্থিরতা সৃষ্টি করেছে। তিনি বলেন, “গত ২৪ ঘণ্টায় যা ঘটেছে, তা কেবল এই বিশৃঙ্খল পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি জোর দিয়ে বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে যে-কোনো ঘটনা ঘটুক না কেন, যদি যুক্তরাষ্ট্র নিজেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা চালায়, ইরানের দক্ষিণাঞ্চলে আগ্রাসন চালায়, অথবা লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের মাধ্যমে কিংবা তাদের সঙ্গে সমন্বয় করে কোনো পদক্ষেপ নেয়, তাহলে এর প্রত্যক্ষ দায় যুক্তরাষ্ট্রের ওপরই বর্তাবে এবং উত্তেজনা বৃদ্ধির পরিণতির দায়ও তাদেরকেই বহন করতে হবে।

জাতীয় স্বার্থ রক্ষায় কূটনীতি ও মাঠের কার্যক্রম পাশাপাশি কাজ করে

যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা সম্পর্কে বাকায়ি বলেন, “যদি ইসরায়েল অথবা সংশ্লিষ্ট পক্ষগুলো-অর্থাৎ যুক্তরাষ্ট্র বা ইসরায়েল-এই আলোচনার মূল উদ্দেশ্যকে ক্ষুণ্ন করে, তাহলে স্বাভাবিকভাবেই কূটনৈতিক প্রক্রিয়ার ওপরও তার প্রভাব পড়বে। কূটনীতি ও মাঠের কার্যক্রম একসঙ্গে ইরানের জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে। তাই যেখানে প্রয়োজন সেখানে ইরানের সশস্ত্র বাহিনী পদক্ষেপ নেবে এবং যেখানে প্রয়োজন হবে, পূর্ণ সমন্বয়ের মাধ্যমে কূটনৈতিক সংস্থাও তার দায়িত্ব পালন করবে।”

ইরানের রাষ্ট্রব্যবস্থা ও জনগণ যে-কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না যে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে প্রতিদিন নতুন করে আগ্রাসন চালাবে, হামলার পরিধি বাড়াবে এবং একইসঙ্গে শুধু একটি সাধারণ বিবৃতিতে বলবে-তারা এখনো যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই ইরানের সশস্ত্র বাহিনী, কূটনৈতিক ব্যবস্থা এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও জনগণ যে-কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত, যাতে দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষা করা যায়।”

লেবাননের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় কোনো সহযোগিতা থেকে বিরত থাকব না

বাকায়ি আরও বলেন: আমরা নিজেদের লেবানন ও সেদেশের জনগণের বন্ধু মনে করি। আমাদের বিশ্বাস, দখলদার ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের জাতীয় নিরাপত্তা রক্ষার একমাত্র উপায় হলো জাতীয় ঐক্য বজায় রাখা। লেবাননের বন্ধু হিসেবে আমরা দেশটির জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় যে-কোনো সহায়তা করার সুযোগ পেলে তা থেকে কখনো বিরত থাকব না।#

পার্সটুডে/এনএম/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।