ভিএআরে বাতিল তারেমির গোল
বেইরানভান্দের সেরা পারফরম্যান্সের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল বেলজিয়াম-ইরান
-
ম্যাচ সেরা পুরস্কার পান ইরানি গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দ
লস অ্যাঞ্জেলেসে গ্রুপ ‘জি’-এর দ্বিতীয় রাউন্ডের হাইভোল্টেজ ম্যাচে ইউরোপীয় পরাশক্তি বেলজিয়ামকে ০-০ গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে ইরান। ম্যাচে ২৩টি শট নিয়ে ৭টিই লক্ষ্যে রেখেও জয়ের দেখা পায়নি কেভিন ডি ব্রুইনা–থিবো কোর্তোয়ারা।
অন্যদিকে, ইরানের হয়ে বেলজিয়ামের জালে বল জড়িয়েছিলেন মেহেদি তারেমি। তবে ভিএআরে তা বাতিল হয়ে যায়। ফলে গোলশূন্য থেকে প্রথমার্ধ শেষ করেছে দু'দল।
মাঠের একের পর এক বাধা ও প্রতিকূলতার মুখোমুখি হওয়া ইরানিদের জন্য এই ড্র যেন এক মহোৎসবের উপলক্ষ। এই মূল্যবান ১ পয়েন্টের সুবাদে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখল এশিয়ান জায়ান্টরা। অন্যদিকে মিশর ও ইরানের সাথে টানা পয়েন্ট হারিয়ে বেলজিয়ামের পরের রাউন্ডে যাওয়ার সমীকরণ এখন চরম অনিশ্চয়তায়।
ম্যাচের শুরুর লাইন-আপ দেখেই স্পষ্ট ছিল যে ইরান আজ পুরোপুরি রক্ষণাত্মক কৌশলে খেলতে যাচ্ছে। অন্যদিকে বেলজিয়াম শিবিরে বড় ধাক্কা হয়ে আসে প্রধান ড্রিবলার জেরেমি ডকুর অনুপস্থিতি; শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ম্যাচ থেকে ছিটকে যান তিনি। আক্রমণভাগে ডকু না থাকায় এবং ম্যানচেস্টার সিটির হয়ে মাঠ কাঁপানো ডি ব্রুইনে আজ চেনা ছন্দে না থাকায় ইরানের ৫ জনের রক্ষণভাগ এবং বক্সের সামনে থাকা রেজায়িয়ান, মোহেব্বি ও ইজ্জাতোল্লাহির ডিফেন্সিভ দেওয়াল ভাঙা সম্ভব হচ্ছিল না। ইনজুরি কাটিয়ে ফেরা স্ট্রাইকার রোমেলু লুকাকুকেও পুরো ম্যাচে বড্ড ছন্দহীন লেগেছে।
রক্ষণ সামলানোর পাশাপাশি ইরান মাঝেমধ্যে পাল্টা আক্রমণে বেলজিয়ামের রক্ষণ কাঁপিয়ে দিচ্ছিল। ম্যাচের ১৩তম মিনিটে কানানিজাদেগানের জোরালো শট এবং দ্বিতীয় অর্ধে ৫৩তম মিনিটে মেহদি তারেমির এক বুলেট ভলি অবিশ্বাস্য দক্ষতায় ঠেকান বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া। এর মাঝে ২৭তম মিনিটে ফ্রি-কিক থেকে চমৎকার এক স্ক্রিপ্টেড গোলে ইরান উল্লাসে মেতে উঠলেও যৎসামান্য অফসাইডের কারণে রেফারি তা বাতিল করেন।
ম্যাচের মোড় ঘোরে ৬৬তম মিনিটে, যখন তারেমিকে ফাউল করার অপরাধে বেলজিয়াম ডিফেন্ডার নাথান এনগয় সরাসরি লাল কার্ড দেখেন। ১০ জনের দলে পরিণত হওয়া বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের শেষদিকে ইরান কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছালেও জালের দেখা পায়নি। আবার ৯৪ মিনিটে বেলজিয়ামের লুকেবাকিওর নেওয়া শট গোলপোস্টের বাইরে দিয়ে গেলে ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়।
চীনের প্রাচীর হয়ে দাঁড়ালেন আলিরেজা বেইরানভান্দ
বেলজিয়ামের একের পর এক আক্রমণ আর অবিশ্বাস্য সব শটের সামনে আজ ইরানের পোস্টের নিচে একাই চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ (বইরো)। ম্যাচজুড়ে বেলজিয়ামের লক্ষ্যে থাকা ৭টি শটের প্রতিটিই নস্যাৎ করে দেন খোররামাবাদে জন্ম নেওয়া এই তারকা। প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ মিলিয়ে মোট ৬ থেকে ৭টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেভ করেছেন তিনি, যা ইরানের ফুটবল ইতিহাসে বিশ্বকাপের সেরা গোলকিপিং পারফরম্যান্সের অন্যতম।
বিশেষ করে ম্যাচের ৬৭তম মিনিটে ডি ব্রুইনার চমৎকার বল নিয়ন্ত্রণ ও কাট-ব্যাক থেকে ডি কুইপারের নেওয়া বিশ্বমানের শটটি যেভাবে বাম দিকে ঝাঁপিয়ে পড়ে হাতের তালু দিয়ে বেইরানভান্দ আটকে দেন, তা এক কথায় চোখ ধাঁধানো। এরপর ৮৫তম মিনিটে আবারও ডি কুইপারের এক নিশ্চিত গোলমুখী শট দুর্দান্ত ডাইভিংয়ে সেভ করেন ম্যাচের সেরা এই নায়ক। তার এই অতিমানবীয় পারফরম্যান্সের পরপরই স্পেনের বিখ্যাত ক্রীড়া দৈনিক 'মার্কা' বেইরানভান্দের ছবি প্রকাশ করে তাঁর একটি ডিফেন্সকে 'বিশ্বকাপের সেরা সেভ' বলে আখ্যায়িত করেছে। এর মাধ্যমে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক থিবো কোর্তোয়ার সাথে পরোক্ষ লড়াইয়ে সেভ সংখ্যা ও ম্যাচ বাঁচানোর দিক থেকে বেইরানভান্দ আজ অনেকটাই এগিয়ে গেলেন। আজ যেন তিনি আট বছর আগের নিজেকেও ছাড়িয়ে গেছেন, যেদিন বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদোর পেনাল্টি আটকে বিশ্বকে চমকে দিয়েছিলেন।
এই ড্রয়ের ফলে গ্রুপ ‘জি’ এখন বেশ রোমাঞ্চকর সমীকরণে দাঁড়িয়েছে। বেলজিয়াম ও ইরান নিজেদের দুটি ম্যাচ ড্র করে ২ পয়েন্ট করে পেয়ে টেবিলের সুবিধাজনক অবস্থানে রয়েছে। আর গ্রুপের বাকি দুই দল মিসর ও নিউজিল্যান্ড একটি করে ম্যাচ খেলে সংগ্রহ করেছে ১ পয়েন্ট করে।#
পার্সটুডে/এমএআর/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।