যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ, ইরানের কড়া বিবৃতি
আজ (রোববার ভোরে) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পুনরায় সমঝোতা লঙ্ঘনের অভিযোগ এনে একটি বিবৃতি প্রকাশ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মেহর নিউজ এজেন্সির বরাতে পার্সটুডে জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ভোরে যুক্তরাষ্ট্রের কথিত সমঝোতা লঙ্ঘনের ঘটনায় একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে।
বিবৃতির বাংলা অনুবাদ নিম্নরূপ:
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার, ফার্সি ১৪০৫ সালের ৭ তীর (রোববার) ভোরে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দক্ষিণ উপকূলীয় এলাকায় অবস্থিত কয়েকটি পর্যবেক্ষণ ও নজরদারি স্থাপনায় চালানো বিমান হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ৪ নম্বর ধারার সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি, ১৪০৫ সালের ২৮ খোরদাদ তারিখে স্বাক্ষরিত যুদ্ধ-সমাপ্তি সংক্রান্ত সমঝোতা স্মারকের প্রথম ধারারও এটি প্রকাশ্য লঙ্ঘন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই হামলা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র তার নিজস্ব প্রতিশ্রুতির প্রতি ন্যূনতম গুরুত্বও দেয় না এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা দেশটির স্বভাবের অংশ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং জাতিসংঘের মহাসচিবের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে ইরান ঘোষণা করছে যে, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে দেশের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তারা দৃঢ়প্রতিজ্ঞ।#
পার্স টুডে/এমবিএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।