'আচরণ না বদলালে কঠোর জবাব'
আগ্রাসীকে সহায়তাকারী দেশগুলোকে আইআরজিসির কড়া হুঁশিয়ারি
পার্সটুডে: আগ্রাসীকে সহায়তাকারী দেশগুলো যদি তাদের আচরণ পরিবর্তন না করে, তাহলে তারা কঠোর জবাবের মুখোমুখি হবে বলে সতর্ক করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে বাহিনীটি বলেছে, মার্কিন কর্মকর্তাদের হুমকি এবং এ অঞ্চলের সামুদ্রিক চলাচলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ অব্যাহত থাকা পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে না।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আইআরজিসি আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেছে, ইসলামি ইরানের জনগণের দৃঢ়তা ও প্রতিরোধ শত্রুর পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে এবং ইসলামের যোদ্ধাদের মনোবল আরও শক্তিশালী করেছে।
বিবৃতিতে বলা হয়, গত রাতে মার্কিন ড্রোনের প্ররোচনায় দুটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের একটি অনিরাপদ পথ দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করে। তবে একটি ট্যাংকারে তীব্র অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর উভয় জাহাজই দ্রুত ফিরে যায়।
আইআরজিসি আরও বলেছে, হরমুজ প্রণালি ইরানের ভূখণ্ডের অংশ এবং এটির নিয়ন্ত্রণ আইআরজিসির নৌবাহিনীর হাতে রয়েছে। হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা কোনো বহিরাগতকে এ অঞ্চলে হস্তক্ষেপের সুযোগ দেওয়া হবে না।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হুমকি, উসকানিমূলক বক্তব্য এবং এ অঞ্চলের সামুদ্রিক চলাচলে হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এসব কার্যক্রম বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিবেশ সৃষ্টি হবে না।#
পার্সটুডে/এমএআর/৩০