হুমকিকে হালকা করে দেখছি না, প্রস্তুতি আরও জোরদার করছি: ইরানের প্রতিরক্ষামন্ত্রী
-
সাইয়্যেদ মাজিদ ইবনুর রেজা
ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ ইবনুর রেজা বলেছেন, শত্রুপক্ষের সাম্প্রতিক হুমকিকে ইরান কোনোভাবেই হালকাভাবে দেখছে না। এসব বক্তব্যের পেছনে মনস্তাত্ত্বিক যুদ্ধ বা বিভ্রান্তি সৃষ্টির কৌশল থাকতে পারে, তবে ইরানের কাছে প্রতিটি হুমকিই বাস্তব এবং গুরুত্বের সঙ্গে বিবেচনার বিষয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মাজিদ ইবনুর রেজা বলেন, “আমরা অপ্রস্তুত হব না, আবার নিষ্ক্রিয়ও থাকব না।” বরং যেকোনো হুমকিকে নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতি আরও শক্তিশালী করার সুযোগ হিসেবে কাজে লাগানো হবে।
তিনি বলেন, হুমকির মুখে ইরান তার প্রস্তুতির মাত্রা বাড়াবে, প্রতিরোধক্ষমতা শক্তিশালী করবে এবং সামরিক সক্ষমতা আরও উন্নত করবে।
ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য এমন এক সময়ে এলো, যখন দেশটির বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে নানা ধরনের হুমকি ও সতর্কবার্তা সামনে আসছে। তেহরান অবশ্য আগেই বলে আসছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব দেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে।
মাজিদ ইবনুর রেজার সর্বশেষ বক্তব্যেও সেই অবস্থানই স্পষ্ট হয়েছে। তার বার্তার মূল কথা হলো, হুমকি যতটা মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশলই হোক না কেন, ইরান সেটিকে সম্ভাব্য বাস্তব পরিস্থিতি হিসেবেই ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছে।#
পার্সটুডে/এমএআর/২