হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ রয়েছে: জেনারেল রেজায়ি
https://parstoday.ir/bn/news/iran-i162862-হরমুজ_প্রণালি_পুরোপুরি_বন্ধ_রয়েছে_জেনারেল_রেজায়ি
পার্সটুডে- ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি—হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে—এটি ‘বড় মিথ্যা’।
(last modified 2026-09-07T11:22:04+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২৬ ১১:০৭ Asia/Dhaka
  • ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি।
    ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি।

পার্সটুডে- ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি—হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে—এটি ‘বড় মিথ্যা’।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে পার্সটুডে জানায়, হরমুজ প্রণালীর সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিশেষ সংবাদ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে মোহসেন রেজায়ি বলেন, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ রয়েছে। সেখানে জাহাজ ও তেলবাহী ট্যাংকার চলাচল করছে—যুক্তরাষ্ট্রের এমন দাবি সম্পূর্ণ মিথ্যা।

তিনি বলেন, কিছু জাহাজ ওমানের পাথুরে উপকূলঘেঁষা বিকল্প পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছে। কয়েকটি জাহাজ নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখেও ওই পথ অতিক্রমের চেষ্টা করছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা ক্ষতির মুখে পড়ছে। তবে পরিবেশগত কারণে ইরান আপাতত এসব জাহাজ ডুবিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়নি।

রেজায়ি জানান, পারস্য উপসাগর ও ওমান সাগর এলাকায় নতুন একটি নিষিদ্ধ অঞ্চল ঘোষণা করা হবে। আগামী দিনগুলোতে এই নিষেধাজ্ঞা মার্কিন অবরোধরেখা থেকে পণ্য ওঠানামার বন্দর পর্যন্ত বিস্তৃত হবে।

তিনি সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে সমন্বয় না করে এই অঞ্চলে চলাচলকারী কোনো জাহাজকে ইরানের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে সংশ্লিষ্ট জাহাজগুলো বীমা সুবিধা এবং ভবিষ্যতে চলাচলের ক্ষেত্রে নানা সমস্যার মুখে পড়তে পারে। তাঁর ভাষায়, হরমুজ প্রণালী নিয়ে এটি ইরানের কৌশল পরিবর্তনের প্রথম পদক্ষেপ, যা যুক্তরাষ্ট্রের ওপর আরও চাপ সৃষ্টি করবে।

ইরানের ওপর মার্কিন অবরোধের প্রভাব প্রসঙ্গে রেজায়ি বলেন, অবরোধের কারণে দেশে দুর্ভিক্ষ দেখা দেবে—এমন ধারণা সম্পূর্ণ মিথ্যা। তাঁর দাবি, সরকার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে এবং দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কৌশলগত মজুত পর্যাপ্ত রয়েছে।

তিনি আরও বলেন, তেল বিক্রির ক্ষেত্রেও ইরান সুযোগ কাজে লাগিয়েছে। আগে উৎপাদন করে মজুত রাখা প্রায় ৭০ থেকে ৮০ মিলিয়ন ব্যারেল তেল গত সময়ে অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে সেগুলো বিক্রি করা হচ্ছে। ফলে পণ্য মজুত স্থিতিশীল রয়েছে এবং তেল বিক্রিও অব্যাহত আছে।

রেজায়ি জানান, যুদ্ধের কৌশল পরিবর্তন এবং মার্কিন অবরোধ মোকাবিলার অংশ হিসেবে ১২ দিনের যুদ্ধের শুরু থেকেই ইরান প্রথমবারের মতো একটি মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সতর্কতামূলক হামলা চালিয়েছে। তাঁর মতে, এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে সমুদ্রপথে অবরোধও ঝুঁকিমুক্ত নয় এবং এর দুর্বলতা রয়েছে।

তিনি আরও বলেন, অবরোধ মোকাবিলায় বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও ইরান কৌশল পরিবর্তন করছে। ১৫টি দেশের সঙ্গে সীমান্ত থাকা ইরানের শুধু সমুদ্রপথনির্ভর বাণিজ্যের ওপর নির্ভর করা উচিত নয়। তাই এখন স্থলভিত্তিক বাণিজ্যিক করিডোরগুলো সক্রিয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

পার্সটুডে/এমবিএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।