ইরানের বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i162968-ইরানের_বাণিজ্যিক_জাহাজে_মার্কিন_হামলার_নিন্দা_জানিয়েছে_ইরান
পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার রাতে কয়েকটি ইরানি তেলবাহী জাহাজে মার্কিন সেনাবাহিনীর “আগ্রাসী হামলার” তীব্র নিন্দা জানিয়েছে।
(last modified 2026-09-10T12:01:06+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০২৬ ২১:০৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার রাতে কয়েকটি ইরানি তেলবাহী জাহাজে মার্কিন সেনাবাহিনীর “আগ্রাসী হামলার” তীব্র নিন্দা জানিয়েছে।

পার্সটুডে জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পারস্য উপসাগর ও ওমান সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোর ওপর মার্কিন সামরিক হামলা-ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন, সামুদ্রিক অবরোধ ও অর্থনৈতিক যুদ্ধের ধারাবাহিকতা। এটি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এসব আগ্রাসী কর্মকাণ্ড শুধু আঞ্চলিক উত্তেজনাকে বিপজ্জনকভাবে বাড়িয়ে তুলছে না, বরং এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্যও সুস্পষ্ট হুমকি।

বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় ইসলামী প্রজাতন্ত্র ইরান দৃঢ়প্রতিজ্ঞ। ইরান জোর দিয়ে জানিয়েছে, আত্মরক্ষার স্বাভাবিক অধিকার প্রয়োগে দেশটির সশস্ত্র বাহিনী কোনো দ্বিধা করবে না এবং শত্রুর যেকোনো সামরিক আগ্রাসনের উপযুক্ত ও দৃঢ় জবাব দেবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একই সঙ্গে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা লঙ্ঘনের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মহাসচিবের দায়িত্বের বিষয়টিও পুনরায় তুলে ধরেছে।#

পার্সটুডে/এনএম/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।