জীবনধারণের অধিকার বড় শক্তিগুলোর দর-কষাকষির হাতিয়ার হতে পারে না: বাহরাইনি
-
বাহরাইনি
পার্সটুডে- জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপের মানবিক পরিণতি সম্পর্কে সতর্ক করে বলেছেন, নিষেধাজ্ঞা জনগণের মৌলিক অধিকারকে দুর্বল করে এবং জীবনধারণের অধিকার বড় শক্তিগুলোর দর-কষাকষির হাতিয়ার হতে পারে না।
পার্সটুডে জানিয়েছে, ইরানের রাষ্ট্রদূত ও জেনেভায় নিযুক্ত স্থায়ী প্রতিনিধি আলী বাহরাইনি মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপের নেতিবাচক প্রভাববিষয়ক বিশেষ প্রতিবেদক জিনা জিলাদের সঙ্গে সংলাপে এ কথা বলেন।
তিনি বলেন, কোনো রাজনৈতিক লক্ষ্যই একটি পুরো জাতির ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করা কিংবা অন্য কোনো রাষ্ট্রের দাবি মেনে নেওয়ার সঙ্গে জনগণের মৌলিক অধিকারকে শর্তযুক্ত করার বিষয়টিকে ন্যায্যতা দিতে পারে না।
ইরানের বিরুদ্ধে একই সময়ে অবৈধ সামরিক আগ্রাসন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘অর্থনৈতিক যুদ্ধ’ ও ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ ঘোষণা, ইরানের অর্থনৈতিক অংশীদারদের হুমকি এবং অব্যাহত সামুদ্রিক অবরোধের কথা উল্লেখ করে বাহরাইনি বলেন, এসব পদক্ষেপ একটি স্বাধীন ও প্রতিরোধী জাতিকে দুর্বল করার বৃহত্তর অপকৌশলের অংশ।
বাহরাইনি জাতিসংঘের বিশেষজ্ঞদের মূল্যায়নের কথা তুলে ধরে আরও বলেন, একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপ ঔপনিবেশিক চাপ প্রয়োগের একটি হাতিয়ার, যা রাষ্ট্রগুলোর সার্বভৌম সমতা এবং জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে দুর্বল করে।
ইরানের প্রতিনিধি জোর দিয়ে বলেন, একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপের মাধ্যমে জনগণের ওপর ব্যাপক মানবিক ক্ষয়ক্ষতির বোঝা চাপিয়ে এবং তাদের মৌলিক অধিকার দুর্বল করে রাজনৈতিক লক্ষ্য অর্জন করা বৈধ হতে পারে না।
তিনি আরও বলেন, জীবনধারণের অধিকার কোনো দর-কষাকষির হাতিয়ার নয়। জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারও এমন কোনো সুবিধা নয়, যা বড় শক্তিগুলো চাইলে দিতে বা কেড়ে নিতে পারে। উভয় অধিকারই কোনো ব্যতিক্রম ছাড়াই সম্মান করতে হবে।#
পার্সটুডে/এসএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।