‘বাহ্যিকভাবে শক্তিশালী, বাস্তবে ঝুঁকিপূর্ণ’: যুক্তরাষ্ট্রকে নিয়ে কলিবফের মন্তব্য
https://parstoday.ir/bn/news/iran-i163266-বাহ্যিকভাবে_শক্তিশালী_বাস্তবে_ঝুঁকিপূর্ণ’_যুক্তরাষ্ট্রকে_নিয়ে_কলিবফের_মন্তব্য
পার্সটুডে: ইরানের ইসলামি সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সাম্রাজ্য বাহ্যিকভাবে তার আধিপত্য ও শ্রেষ্ঠত্বের শক্তি প্রদর্শন করলেও বাস্তবে দেশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও নাজুক অবস্থায় রয়েছে।
(last modified 2026-09-21T06:36:06+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০২৬ ১১:৪৩ Asia/Dhaka
  • ইরানের ইসলামি সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ
    ইরানের ইসলামি সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ

পার্সটুডে: ইরানের ইসলামি সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সাম্রাজ্য বাহ্যিকভাবে তার আধিপত্য ও শ্রেষ্ঠত্বের শক্তি প্রদর্শন করলেও বাস্তবে দেশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও নাজুক অবস্থায় রয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরআইবির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, সম্প্রতি বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাংকিং প্রতিষ্ঠান জেপি মরগান তাদের সাপ্তাহিক তেলবাজার পূর্বাভাস শুরু করেছে এক অপ্রত্যাশিত বক্তব্য দিয়ে। প্রতিষ্ঠানটি বলেছে, “ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর এই প্রথম আমাদের কাছে কোনো মৌলিক পূর্বাভাস বা ভিত্তিমূলক পরিস্থিতির মডেল নেই। এই পরিস্থিতি শেষ পর্যন্ত কীভাবে রূপ নেবে, তা আমরা সত্যিই জানি না এবং কীভাবে এর মডেল তৈরি ও পূর্বাভাস দেব, সেটিও আমাদের জানা নেই।”

বৈশ্বিক আর্থিক বাজারের শীর্ষস্থানীয় বিশ্লেষকদের এমন নজিরবিহীন অবস্থানের প্রতিক্রিয়ায় ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অ্যাকাউন্টে লিখেছেন, “এই পরিস্থিতি ঠিক শ্রোডিঙ্গারের প্যারাডক্সের মতো।”

তিনি লিখেছেন, “আমেরিকান সাম্রাজ্য যেন শ্রোডিঙ্গারের সেই বাক্স, যার ভেতরে পড়ে যাওয়ার অপেক্ষায় থাকা প্লেট রয়েছে। বাইরে থেকে তারা নিজেদের আধিপত্য ও শ্রেষ্ঠত্বের শক্তি প্রদর্শন করছে, কিন্তু বাস্তবে তারা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ ও নাজুক অবস্থায় রয়েছে। একই সঙ্গে তারা কোনো পরিণতি বা মূল্য না দিয়েই ইরানকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে—যা অসম্ভব।”

কলিবফ আরও লিখেছেন, “এই শেষ পরিণতি কোনো মডেলের মাধ্যমেই পূর্বাভাস দেওয়া বা সিমুলেশন করা সম্ভব নয়। শেষ পর্যন্ত এই বাক্সের দরজা খুলবেই। আর এখন থেকেই ইরানের হাত সেই দরজার হাতলে রয়েছে এবং পরিস্থিতি ইরানের নিয়ন্ত্রণে।”

কলিবফ তার পোস্টে ইন্টারনেটে জনপ্রিয় ‘শ্রোডিঙ্গারের প্লেট’ মিমও ব্যবহার করেন। ওই ছবিতে প্লেটগুলো বাইরে থেকে অক্ষত মনে হলেও যেকোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা দেখা যায়। পার্সটুডের বর্ণনায়, ছবিটির মাধ্যমে অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঝুঁকিপূর্ণ ও নাজুক অবস্থাকে তুলে ধরা হয়েছে।#
 

পার্সটুডে/এমবিএ /২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।