আন্তর্জাতিক আইন প্রয়োগে বৈষম্য মানি না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i163404-আন্তর্জাতিক_আইন_প্রয়োগে_বৈষম্য_মানি_না_ইরান
পার্সটুডে- ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, আন্তর্জাতিক আইন যদি সত্যিই শান্তি, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার রক্ষাকবচ হতে চায়, তাহলে এটি এমন কিছু বাছাই করা নিয়মের সমষ্টি হতে পারে না, যা কোনো কোনো রাষ্ট্রের ক্ষেত্রে কঠোরভাবে প্রয়োগ করা হবে, আবার রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতার কারণে অন্যদের ক্ষেত্রে উপেক্ষা করা হবে।
(last modified 2026-09-26T10:31:03+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১২:৫৬ Asia/Dhaka
  • গারিবাবাদি
    গারিবাবাদি

পার্সটুডে- ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, আন্তর্জাতিক আইন যদি সত্যিই শান্তি, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার রক্ষাকবচ হতে চায়, তাহলে এটি এমন কিছু বাছাই করা নিয়মের সমষ্টি হতে পারে না, যা কোনো কোনো রাষ্ট্রের ক্ষেত্রে কঠোরভাবে প্রয়োগ করা হবে, আবার রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতার কারণে অন্যদের ক্ষেত্রে উপেক্ষা করা হবে।

জাতিসংঘে আন্তর্জাতিক আইন রক্ষাবিষয়ক উচ্চপর্যায়ের এক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে শুক্রবার রাতে তিনি এসব কথা বলেন।

গরিবাবাদি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরান জাতিসংঘ সনদের মৌলিক নীতিগুলোর সুস্পষ্ট লঙ্ঘনের মুখোমুখি হয়েছে। তিনি আরও বলেন, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক আগ্রাসন শুরু করে এবং তা ৪০ দিনের যুদ্ধে রূপ নেয়। যুদ্ধের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা এবং দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের ১৬৮ শিক্ষার্থী ও শিক্ষক শহীদ হন বলে তিনি উল্লেখ করেন।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো রাষ্ট্র কেবল রাজনৈতিক দাবি বা একতরফাভাবে কোনো হুমকির ব্যাখ্যার ভিত্তিতে শক্তি প্রয়োগ নিষিদ্ধ করার নীতি উপেক্ষা করতে পারে না।

গারিবাবাদি আরও বলেন, জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ৪ নম্বর ধারা যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে বড় বা ছোট কোনো রাষ্ট্রই নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে নিশ্চিত থাকতে পারবে না।

তিনি আরও বলেন, কোনো রাষ্ট্র সশস্ত্র হামলার শিকার হলে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে আত্মরক্ষার অধিকার সেই রাষ্ট্রের বৈধ ও আইনসম্মত অধিকার।#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।