মার্কিন প্রেসিডেন্টের হুমকি আন্তর্জাতিক আইনের পরিপন্থী: জাতিসংঘে ইরানের প্রতিনিধি
-
জাতিসংঘে ইরানের প্রতিনিধি গোলাম হোসেইন দারজি
পার্সটুডে: মার্কিন প্রেসিডেন্ট 'ডোনাল্ড ট্রাম্পের হুমকির' পর জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে একটি চিঠি পাঠিয়েছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত ও চার্জ দ্য অ্যাফেয়ার্স 'গোলাম হোসেইন দারজি'।
ওই চিঠিতে তিনি বলেছেন, ট্রাম্পের এসব 'দুঃসাহসী ও ঘৃণ্য' বক্তব্য নিছক রাজনৈতিক বক্তব্য নয়; এগুলো 'আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী'।
ইরানের প্রতিনিধি চিঠিতে বলেন: '২০২৬ সালের ২২ সেপ্টেম্বর' জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট এমন একটি মঞ্চ ব্যবহার করে-যার উদ্দেশ্য বিশ্বশান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা এগিয়ে নেওয়া-জাতিসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ইরানকে প্রকাশ্যে ধ্বংসের হুমকি দিয়েছেন।
তিনি বলেন, এসব বক্তব্য বিচ্ছিন্ন বা নজিরবিহীন নয় বরং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য একটি দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে ধারাবাহিক প্রকাশ্য হুমকির অংশ। অথচ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ওপর প্রধান দায়িত্ব ন্যস্ত।
চিঠিতে আরও বলা হয়: 'জাতিসংঘ সাধারণ পরিষদ কোনো রাষ্ট্রকে ধ্বংসের হুমকি দেওয়ার স্থান নয়।' এটি জাতিসংঘের প্রধান বৈশ্বিক মঞ্চ, যার মৌলিক লক্ষ্য আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা, রাষ্ট্রগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা প্রতিষ্ঠা।
দারজি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা এ ধরনের হুমকি ও গুরুতর কর্মকাণ্ডকে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। বিশেষ করে যখন জাতিসংঘের মঞ্চ থেকেই এ ধরনের হুমকি দেওয়া হয়, তখন তা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে হুমকি প্রতিরোধে জাতিসংঘ সনদের কর্তৃত্ব ও মৌলিক দায়িত্বকে দুর্বল করে।
চিঠিতে ইরান আরও বলেছে: 'যে-কোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার পূর্ণ ও অবিচ্ছেদ্য অধিকার ইরান সংরক্ষণ করে।' পাশাপাশি ইরানের জনগণের ওপর সংঘটিত দুর্ভোগ, প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য দায়ী রাষ্ট্র ও ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে বিদ্যমান সব আইনি উপায় ব্যবহারের অধিকারও ইরান সংরক্ষণ করে।#
পার্সটুডে/এনএম /২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।