নতুন যেকোনো আগ্রাসনের জবাব হবে আরও কঠোর: কমান্ডার তালায়ে নিক
https://parstoday.ir/bn/news/iran-i163732-নতুন_যেকোনো_আগ্রাসনের_জবাব_হবে_আরও_কঠোর_কমান্ডার_তালায়ে_নিক
পার্সটুডি- ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী সহায়তা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ‘রমজান যুদ্ধ’-পরবর্তী সাত মাসে দেশীয় অস্ত্র উৎপাদনের পরিমাণ দ্বিগুণ হয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, শত্রুর যেকোনো ভুল হিসাব-নিকাশ অতীতের তুলনায় আরও বড় পরাজয়ের কারণ হবে।
(last modified 2026-10-06T14:54:48+00:00 )
অক্টোবর ০৬, ২০২৬ ১৯:১৪ Asia/Dhaka
  • ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী সহায়তা মন্ত্রণালয়ের মুখপাত্র কমান্ডার রেজা তালায়ে নিক
    ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী সহায়তা মন্ত্রণালয়ের মুখপাত্র কমান্ডার রেজা তালায়ে নিক

পার্সটুডি- ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী সহায়তা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ‘রমজান যুদ্ধ’-পরবর্তী সাত মাসে দেশীয় অস্ত্র উৎপাদনের পরিমাণ দ্বিগুণ হয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, শত্রুর যেকোনো ভুল হিসাব-নিকাশ অতীতের তুলনায় আরও বড় পরাজয়ের কারণ হবে।

ইরানের সম্প্রচার সংস্থা আইআরআইবি’র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী সহায়তা মন্ত্রণালয়ের মুখপাত্র কমান্ডার রেজা তালায়ে নিক মঙ্গলবার তেহরানে সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বর্তমানে ‘রমজান প্রতিরক্ষা যুদ্ধ’-এর অর্জন ও বিজয় সুসংহত করার পর্যায়ে রয়েছি। সাত মাসেরও বেশি সময় ধরে চলা এই প্রতিরক্ষা যুদ্ধে জনগণ, যোদ্ধাদের দৃঢ়তা, সর্বাধিনায়কের দিকনির্দেশনা এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন অঙ্গের সহযোগিতায় শত্রুকে বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে হয়েছে।

কমান্ডার তালায়ে নিক আরও বলেন, অর্জিত সাফল্য সুসংহত করা এবং মার্কিন ও ইসরায়েলি শত্রুদের পরাজয় সম্পূর্ণ করার এই পর্যায়ে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও জাতীয় সহনশীলতা আরও বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে সবাইকে সক্রিয়ভাবে মাঠে থাকতে হবে।

তিনি বলেন, শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং সাম্প্রতিক সময়ে মার্কিন ও ইসরায়েলি পক্ষের সম্ভাব্য আগ্রাসন বা উসকানির যে হুমকি দেওয়া হচ্ছে, তার অবশ্যই কঠোর জবাব দেওয়া হবে এবং তারা অতীতের তুলনায় আরও বড় পরাজয়ের মুখোমুখি হবে।

তিনি আরও বলেন, শত্রুর পরাজয় সম্পূর্ণ করা এবং ইরানি জনগণের ন্যায্য দাবি ও অধিকার মেনে নিতে বাধ্য করার প্রধান উপায় হলো ইরানের প্রতিরোধ ও জাতীয় শক্তি।

তালায়ে নিকের ভাষায়, আগ্রাসী মার্কিন সামরিক উপস্থিতিকে অঞ্চল থেকে নির্মূল করা এবং ইসরায়েলি সরকারের আগ্রাসন ও উসকানির অবসান ঘটানো হবে সাম্প্রতিক প্রতিরক্ষা যুদ্ধের অন্যতম বড় অর্জন। চলমান ও ভবিষ্যৎ ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে এই প্রক্রিয়া আরও সম্পূর্ণ হবে।

কমান্ডার তালায়ে নিক জোর দিয়ে বলেন, সন্ত্রাসী মার্কিন ও ইসরায়েলি হামলাকারীদের শাস্তি দেওয়া ইরানের একটি দৃঢ় সিদ্ধান্ত। তিনি বলেন, শহীদ ইমাম, শিশু, শিক্ষার্থী এবং শত্রুদের অন্যান্য অপরাধে নিহতদের হত্যাকারীদের শাস্তির বিষয় কোনো পরিস্থিতিতেই ভুলে যাবে না ইরান। #

পার্সটুডে/এমআরএইচ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।