ব্রিটিশ প্রধানমন্ত্রীর ইরান-বিরোধী বক্তব্য; রাষ্ট্রদূত তলব
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবেশ পথ
ব্রিটেনের রাষ্ট্রদূত নিকোলাস হপটনকে আজ (শনিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে'র সাম্প্রতিক ইরান-বিরোধী বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে তেহরান। এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।
তিনি বলেছেন, ব্রিটিশ রাষ্ট্রদূতকে ডেকে এনে বলা হয়েছে তাদের প্রধানমন্ত্রী ইরান সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা উস্কানিমূলক এবং বিভেদ সৃষ্টিকারী। এ ধরনের আচরণের পুনরাবৃত্তির বিষয়েও তাকে সতর্ক করা হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক ব্রিটিশ রাষ্ট্রদূতকে আরও বলেছেন- ইরানের নীতি হচ্ছে মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রাম করা। কিন্তু কিছু আঞ্চলিক দেশ সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে। এরপরও ব্রিটিশ প্রধানমন্ত্রী ও অন্য কর্মকর্তারা ওই বিষয়টিকে এড়িয়ে যাচ্ছেন যা দুঃখজনক।
এ সময় ব্রিটিশ রাষ্ট্রদূত বলেছেন, তেহরানের প্রতিবাদের বিষয়টি তিনি অবিলম্বে লন্ডনকে অবহিত করবেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বুধবার পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে বলেন, পিজিসিসি’সহ গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য ইরান (তার ভাষায়) যে হুমকি সৃষ্টি করছে সেদিকে ঘনিষ্ঠ দৃষ্টি রাখছে লন্ডন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০