মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে লাভবান হচ্ছে ইসরাইল: ইরান
-
গতকাল (বৃহস্পতিবার) লেবাননের রাজধানী বেইরুতে দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরির সঙ্গে বৈঠকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জাবেরির বৈঠক
আঞ্চলিক ইস্যুগুলোর শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন আরব এবং আফ্রিকা বিষয়ক ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হুসেইন জাবের আনসারি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে আঞ্চলিক দেশগুলোর সম্পদ যেভাবে ধ্বংস হচ্ছে তাতে ইসরাইলের লাভ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
গতকাল (বৃহস্পতিবার) লেবাননের রাজধানী বইরুতে দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরির সঙ্গে বৈঠকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জাবেরি এসব কথা বলেন।
ইরানের এ শীর্ষস্থানীয় কর্মকর্তা জোর দিয়ে বলেন, "আঞ্চলিক এ সংকট সামরিক উপায়ে সমাধান করা যাবে না। যুদ্ধ কেবল সমাধানের পথকেই জটিল করে তোলে না, বরং এটি আঞ্চলিক দেশগুলোর সক্ষমতাকেও ধীরে ধীরে ধ্বংস করে ফেলে। ফলে এ ক্ষেত্রে ইহুদিবাদী ইসরাইলই কেবল সবচেয়ে বেশী লাভবান হচ্ছে। বৈঠকের পর আনসারি সাংবাদিকদের আরো বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে 'গুরুতর আলোচনা'র মাধ্যমেই কেবল মধ্যপ্রাচ্যের চলমান সংকটের নিরসন হতে পারে।
লেবানের প্রধানমন্ত্রী হারিরির সঙ্গে বৈঠককে অত্যন্ত 'আন্তরিক' এবং 'গঠনমূলক' হিসেবে আখ্যায়িত করে আনসারি বলেন, বৈঠকে আঞ্চলিক বিষয়ের পাশাপাশি তেহরান-বেইরুতের মধ্যে সম্পর্ক বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এছাড়া, ইরানের এ কর্মকর্তা আঞ্চলিক বিষয়ের পাশাপাশি গত কয়েক দশক ধরে ইসরাইলের দখলদারিত্ব, সম্প্রসারণবাদীর বিরুদ্ধে কার্যকরী এবং জোরালো ভুমিকা পালন করায় লেবাননের প্রশংসা করেন।#
পার্সটুডে/বাবুল আখতার/২৩