ইরানি তেল নিতে তালিকায় যুক্ত হলো ফিলিপাইন, রেকর্ড করল চীন
-
ইরানি তেল ট্যাংকার
ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে জ্বালানি তেল নেয়ার তালিকায় নতুন করে যুক্ত হয়েছে এশিয়ার দেশ ফিলিপাইন। পশ্চিমা নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইরান থেকে তেল কেনার দেশের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে -এটা তার সর্বশেষ নজির।
ইরানের জাতীয় তেল কোম্পানি এক বিবৃতিতে বলেছে, তেল কেনার বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা করছে ফিলিপাইন। দেশটি প্রতি মাসে ইরান থেকে ৪০ লাখ ব্যারেল তেল নিতে চায়। ফিলিপাইনের জাতীয় তেল কোম্পানির প্রধান পেদ্রো অ্যাকুইনোর তেহরান সফরের সময় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
তিনি জানিয়েছেন, তার কোম্পানি ইরানের তেল ও তরল গ্যাস শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী। এছাড়া তিনি জোর দিয়ে বলেছেন, তার কোম্পানি প্রতিদিন চার লাখ ব্যারেল তেল শোধনের জন্য একটি শোধনাগার প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়েছে।
এদিকে, তেল বাজারের বিভিন্ন সূত্র বলছে, ২০১৭ সালে ইরান থেকে চীনের তেল নেয়ার সব রেকর্ড ছাড়িয়ে যাবে। সূত্রগুলো বলছে, ২০১৭ সালে চীন প্রতি তিন মাসে ৩০ থেকে ৪০ লাখ ব্যারেল তেল কিনবে। ২০১৬ সালের চেয়ে এ পরিমাণ শতকরা ছয় থেকে সাত শতাংশ বেশি হবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬