চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত সিরিয়ার জনগণের পাশে থাকবে ইরান: রুহানি
-
আজ (বুধবার) তেহরানে সিরিয়ার শীর্ষস্থানীয় সংসদ সদস্য হাদিয়া খালাফ আব্বাসের সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট হাসান রুহানি
সিরিয়ার প্রতি তার দেশের জোরালো সমর্থন অব্যাহত থাকবে বলে আবারো নিশ্চিত করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। যুদ্ধক্ষেত্রে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে এবং কূটনৈতিক- উভয় ক্ষেত্রেই ইরান দামেস্ক সরকারের পাশে থাকবে বলে জানান তিনি।
আজ (বুধবার) তেহরানে সিরিয়ার শীর্ষস্থানীয় সংসদ সদস্য হাদিয়া খালাফ আব্বাসের সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট রুহানি এসব মন্তব্য করেন। তিনি বলেন, সিরিয়ায় চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত দেশটির জনগণের প্রতি তেহরানের সমর্থন অব্যাহত থাকবে।
রুহানি আরো বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার জনগণের পাশে থাকবে ইরান। জাতিসংঘের তত্ত্বাবধানে আগামীকাল জেনেভায় অনুষ্ঠেয় দামেস্ক সরকার এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে শান্তি আলোচনায় তেহরানের জোরালো সমর্থন রয়েছে বলেও জানান তিনি। সাক্ষাতে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার সরকারি বাহিনীর সাফল্যের ভূয়সী প্রশংসা করেন প্রেসিডেন্ট রুহানি। এ সাফল্য সিরিয়া পরিস্থিতিতে বিদেশী রাষ্ট্রগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে সহায়তা করেছে- এই কথা উল্লেখ করে রুহানি বলেন, তারা এখন সিরিয়ার প্রকৃত বাস্তবতাকে স্বীকার করে নিতে বাধ্য হচ্ছে।
দামেস্ক সরকারের অনুরোধে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়া সেনাবাহিনীকে সামরিক পরামর্শ দিয়ে আসছে ইরান। এছাড়া, সিরিয়া জনগণের প্রতি মানবিক সহায়তাও দিচ্ছে দেশটি।#
পার্সটুডে/বাবুল আখতার/২৩