ইরান-রাশিয়ার মধ্যে কৌশলগত সহযোগিতার রোডম্যাপ উন্মোচন
-
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসরে ইরান ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা কেমন হবে সে ব্যাপারে একটি রোডম্যাপ ঘোষণা করেছেন দেশ দুটি'র কর্মকর্তারা। রোডম্যাপটি মূলত একটি যৌথ বিবৃতি।
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির রাশিয়া সফরের সময়ই গতকাল ১৬ পৃষ্ঠার এ যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। 'ব্যাপকভিত্তিক কৌশলগত সহযোগিতার অগ্রযাত্রা' শীর্ষক যৌথ বিবৃতিতে যেসব অগ্রাধিকারমূলক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে সেসব বিষয়ে দুই পক্ষই দীর্ঘ মেয়াদি সহযোগিতার ব্যাপারে জোর আশাবাদ ব্যক্ত করেছে।
রুহানির সফরের সময় দুই দেশ জ্বালানী, পরমাণু, তেল আবিষ্কার ও উত্তোলন, বিদ্যুৎ, রেল যোগাযোগ এবং নগর উন্নয়ন বিষয়ে অনেকগুলো সমঝোতা স্মারকে সই করেছে। এছাড়া, উগ্র তাকফিরি দায়েশ এবং জাবহাত ফাতেহ আশ শাম গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার সরকার, সেনাবাহিনী এবং জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনীর প্রতি সমর্থন দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট রহানি এবং পুতিন।
ইয়েমেনের বিরুদ্ধে চলমান সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বরোচিত বিমান হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দেশটিতে রক্তপাত বন্ধের পাশাপাশি ইয়েমেনের ওপর থেকে সৌদি আরবের অন্যায় অবরোধ তুলে নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।#
পার্সটুডে/বাবুল আখতার/২৯