মানবাধিকার নিয়ে কথা বলার অবস্থায় নেই আমেরিকা: ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
ইরান বলেছে, বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলার অধিকার আমেরিকার নেই। কথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ওয়াশিংটনের পক্ষ থেকে একজন ইরানি নাগরিক ও একটি ইরানি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর তেহরান এ মন্তব্য করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (শুক্রবার) তেহরানে বলেছেন, নিজ দেশে এবং বহির্বিশ্বে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে মার্কিন সরকারের রেকর্ড অত্যন্ত জঘন্য। এ অবস্থায় অন্য দেশের মানবাধিকার নিয়ে কথা বলার অধিকার ওয়াশিংটনের নেই। বিশ্বের কোনো দেশ বা সংস্থা মার্কিন সরকারকে এ বিষয়ে কোনো দায়িত্ব দেয়নি বলেও তিনি উল্লেখ করেন।
মার্কিন সরকার বৃহস্পতিবার ইরানের কারা উপ-মহাপরিদর্শক সোহরাব সোলেইমানি এবং ‘তেহরান কারাগার বিষয়ক সংস্থা’কে মানবাধিকার সংক্রান্ত নিষেধাজ্ঞার আওতাভুক্ত করে।
সোহরাব সোলেইমানি ইরানের কুদস ব্রিগেডের কমান্ডার কাসেম সোলেইমানির ছোট ভাই। ইরাকে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বাগদাদের যুদ্ধে সামরিক পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন কাসেম সোলেইমানি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, এ ধরনের নিপীড়নমূলক ও একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেই বরং আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এসব নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের পরিপন্থি বলেও তিনি উল্লেখ করেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪