ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘মেয়াদোত্তীর্ণ প্রচারণা’ চালিয়েছেন: কাসেমি
https://parstoday.ir/bn/news/iran-i38614-ট্রাম্প_ইরানের_বিরুদ্ধে_মেয়াদোত্তীর্ণ_প্রচারণা’_চালিয়েছেন_কাসেমি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ইরান-বিরোধী বক্তব্যকে ‘মেয়াদোত্তীর্ণ প্রচারণা’ বলে অভিহিত করেছে তেহরান।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ২৫, ২০১৭ ০১:৩৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ইরান-বিরোধী বক্তব্যকে ‘মেয়াদোত্তীর্ণ প্রচারণা’ বলে অভিহিত করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইরান-আতঙ্ক ছড়িয়ে দেয়া এবং তেহরানের বিরুদ্ধে সেকেলে প্রচারণা বারবার উচ্চারণ করার মার্কিন নীতি ব্যর্থ ও অকার্যকর প্রমাণিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত সোমবার জেরুজালেম আল-কুদস সফরের সময় ইরানকে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য অভিযুক্ত করেন। তিনি তার ভাষায় ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে দেবেন না বলে প্রত্যয় ব্যক্ত করেন।

ট্রাম্পের এ বক্তব্যকে ‘চর্বিতচর্বণ ও বিভ্রান্তিকর’ বলে মন্তব্য করেন বাহরাম কাসেমি। তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে চায়নি। জাতিসংঘের একাধিক পর্যবেক্ষক সংস্থা ইরানের এ বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছে।

তেহরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধে ইরান যে শক্তিশালী ভূমিকা রাখছে তা আজ আর কারো কাছে অজানা নয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫