নয়া মার্কিন প্রশাসনকে পরমাণু সমঝোতা মেনে চলতে হবে: জারিফ
-
অসলোতে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর করমর্দন (সোমবারের ছবি)
পরমাণু সমঝোতা মেনে না চলার জন্য নয়া মার্কিন প্রশাসনের সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হোয়াইট হাউজকে শেষ পর্যন্ত এই সমঝোতা মেনে চলতে হবে।
নরওয়ে সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেন, দুঃখজনকভাবে পরমাণু সমঝোতার ব্যাপারে ওয়াশিংটনের নয়া প্রশাসনের আচরণ আশাব্যাঞ্জক নয়।
তিনি বলেন, কিন্তু তেহরান বিশ্বাস করে, বাকি আন্তর্জাতিক সমাজ ওয়াশিংটনের সামনে এ বিষয়টি স্পষ্ট করে তুলতে পারবে যে, এটি ইরান ও আমেরকার মধ্যকার দ্বিপক্ষীয় কোনো সমঝোতা নয় বরং এটি একটি আন্তর্জাতিক চুক্তি যা সবাই মেনে চলতে বাধ্য। কাজেই শেষ পর্যন্ত মার্কিন প্রশাসন এই সমঝোতা পুরোপুরি মেনে চলতে বাধ্য হবে বলে জারিফ আশা প্রকাশ করেন।
গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের দায়িত্ব পেলে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ছিঁড়ে ফেলার হুমকি দিয়েছিলেন। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আমেরিকা ওই সমঝোতা বাতিল না করলেও এটি লঙ্ঘন করে একাধিকবার তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী অসলোতে আরো বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এখন পর্যন্ত তার সবগুলো প্রতিবেদনে স্বীকার করেছে, ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে। কাজেই অন্য পক্ষগুলোর উচিত এটি মেনে চলা। জারিফ বলেন, ইরানের পরমাণু সমঝোতা ছিল আন্তর্জাতিক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। কারণ, ওই সমঝোতার মাধ্যমে উত্তেজনা কমেছিল এবং একটি অনাবশ্যক সংকট থেকে বিশ্ব মুক্তি পেয়েছিল।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩