ইরান সফরে আসছেন পাক পররাষ্ট্রমন্ত্রী; হবে গুরুত্বপূর্ণ আলোচনা
-
খাজা আসিফ (সামনে থেকে ডানে) এবং পেছনে নাসের খান জানজুয়া
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আজ (সোমবার) একদিনের সফরে ইরানে আসছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান ও দক্ষিণ এশিয়া বিষয়ক নতুন নীতি ঘোষণার পর পাক পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক দেশগুলো সফর করার সিদ্ধান্ত নিয়েছেন। তারই অংশ হিসেবে তিনি আজ তেহরান আসছেন। এর আগে তিনি চীন সফর করেছেন এবং ইরান সফর শেষে তিনি আগামীকাল তুরস্ক যাবেন।
তেহরান সফরের সময় খাজা আসিফ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয় নিয়েও আলোচনা হবে।
খাজা আসিফের সঙ্গে থাকছে একটি উঁচু পর্যায়ের প্রতিনিধিদল যার সদস্য হিসেবে রয়েছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসের খান জানজুয়া, পররাষ্ট্র সচিব তাহমিনা জানজুয়া এবং পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ বিষয়ক অতিরিক্ত সচিব তাসনিম আসলাম।
প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে পাক প্রতিনিধিদল পবিত্র শহর মাশহাদে ইমাম রেজা (আ) এর মাজার জিয়ারত করতে যাবেন। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগের পর নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে এই প্রথম তিনি ইরানে আসছেন।
গত ২১ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগান নীতি ঘোষণা করেন এবং সে সময় তিনি সন্ত্রাসবাদে মদদ দেয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে বলেছিলেন, ইসলামাবেদর সমর্থনে সন্ত্রাসীরা দেশটিতে অভয়ারণ্য গড়ে তুলেছে। এছাড়া, পাকিস্তানের সমালোচনার পাশাপাশি সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ভারতের ভুমিকার প্রশংসা করেন ট্রাম্প।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১