ইরান সফরে পাক পররাষ্ট্রমন্ত্রী: রুহানির সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা
-
হাসান রুহানির সঙ্গে খাজা আসিফের (বামে) বৈঠক
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ সোমবার দিনব্যাপী ইরান সফর করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগান বিষয়ক নতুন নীতি ঘোষণার মধ্যদিয়ে পাকিস্তান-বিরোধী অবস্থান নেয়ার পর পাক পররাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় পরামর্শের জন্য ইরান সফর করছেন।
সোমবার রাজধানী তেহরানে পৌঁছে খাজা আসিফ ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে বৈঠক করেন। এ সময় হাসান রুহানি আঞ্চলিক ইস্যুতে বৈদেশিক হস্তক্ষেপের তীব্র সমালোচনা করে বলেন, কেবল এ অঞ্চলের দেশগুলোর মাধ্যমেই আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে; অন্য কারো মাধ্যমে নয়। তিনি আরো বলেন, ইরান বিশ্বাস করে একমাত্র আঞ্চলিক দেশগুলো বিশেষ করে ইরান ও পাকিস্তানকে অবশ্যই শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা ও সহযোগিতার উদ্যোগ নিতে হবে।
হাসান রুহানি জোর দিয়ে বলেন, আফগানিস্তানসহ আঞ্চলিক ইস্যুগুলোর মীমাংসা হতে হবে আঞ্চলিক দৃষ্টিভঙ্গি থেকেই এবং অবশ্যই বাইরের দেশগুলোর মাধ্যমে নয়। তিনি বলেন, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই ও আঞ্চলিক নিরাপত্তা, শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য পাকিস্তানসহ সবার সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে ইরান।
এ সময় ইরানের প্রেসিডেন্ট সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে সব দেশের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং অভিন্ন সীমান্তগুলোতে নিরাপত্তা বাড়ানোর কথা বলেন। পাশাপাশি সীমান্ত বাণিজ্যের উন্নয়ন ও বাজার প্রতিষ্ঠার ওপর জোর দেন।
বৈঠকে পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ বলেন, চলমান আঞ্চলিক সমস্যার কোনো সামরিক সমাধান নেই বরং এ অঞ্চলের দেশগুলো বিশেষ করে ইরান এসব সমস্যার সমাধান করতে পারে। এ ক্ষেত্রে বাইরের শক্তিগুলোর কোনো পদক্ষেপ ফলপ্রসূ হবে না। তিনি জানান, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য তার দেশ সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে বিশ্বাস করে। ইরান ও পাকিস্তানের মধ্যে সর্বাত্মক সম্পর্ক প্রতিষ্ঠার জন্যও তিনি আহ্বান জানান এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের কথা বলেন।
প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকের আগে খাজা আসিফ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করেন। পাক পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি রোববার জানিয়েছিলেন- দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনবালী নিয়ে আলোচনার জন্য খাজা আসিফ ইরান সফরে আসছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১