পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক
-
করমর্দন করছেন শাহিদ খাকান আব্বাসি (বামে) এবং ড. হাসান রুহানি
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম বার্ষিক অধিবেশনের অবকাশে দু নেতা বৈঠকে বসেন।
এ সময় তারা দু দেশের মধ্যে সর্বক্ষেত্রে প্রতিবেশীসুলভ সহযোগিতা বাড়ানো নিয়ে কথা বলেন। তবে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর দুজনই বিশেষ গুরুত্ব দেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, "আমরা পাকিস্তানকে জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত রয়েছি এবং আমরা পাকিস্তানি বিনিয়োগকারীদেরকে এ খাতে স্বাগত জানাই।"
বৈঠকে প্রেসিডেন্ট রুহানি পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের পক্ষ থেকে ইরানের মাটিতে হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি এসব সন্ত্রাসী গোষ্ঠীকে চিহ্নিত করে তাদের হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য পাক সরকারের প্রতি আহ্বান জানান।
বৈঠকে পাক প্রধানমন্ত্রীও সবক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর আহ্বান জানান। তিনি সীমান্ত নিরাপত্তা নিয়ে ইরানের উদ্বেগ নিরসনের বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের জন্য এরইমধ্যে সেনা মোতায়েন করা হয়েছে বলে জানান।
প্রেসিডেন্ট রুহানি পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ছাড়াও নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেলের সঙ্গে বৈঠক করেন। রুহানিকে বেলজিয়াম সফরের আমন্ত্রণ জানিয়েছেন বেলজিক প্রধানমন্ত্রী।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০