আমেরিকা বেরিয়ে গেলে ইরানও ত্যাগ করবে: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i46703-আমেরিকা_বেরিয়ে_গেলে_ইরানও_ত্যাগ_করবে_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গেলে ইরানও এই সমঝোতা ত্যাগ করতে পারে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০১৭ ০৫:১৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গেলে ইরানও এই সমঝোতা ত্যাগ করতে পারে।

তিনি কাতারের আল-জাযিরা নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, “যদি ওয়াশিংটন সমঝোতা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে ইরানের সামনেও নিজেকে প্রত্যাহার করে নেয়াসহ অন্যান্য সিদ্ধান্ত নেয়ার সুযোগ রয়েছে। ”

আমেরিকার পক্ষ থেকে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার হুমকির মুখে এই মন্তব্য করলেন মোহাম্মাদ জাওয়াদ জারিফ। সাক্ষাৎকারের অন্য অংশে তিনি বলেন, পরমাণু সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলে আমেরিকার জন্যই ভালো হবে।

২০১৫ সালের জুলাই মাসে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা সই করে ইরান।  ২০১৬ সালের জানুয়ারি মাসে এটির বাস্তবায়ন শুরু হয়।  সমঝোতা অনুযায়ী পরমাণু কর্মসূচি-কেন্দ্রীক সব নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিনিময়ে নিজের পরমাণু কর্মসূচিতে কিছুটা সীমাবদ্ধতা আরোপ করে তেহরান।

তবে আমেরিকা শুরু থেকেই এই সমঝোতা বাস্তবায়নে টালবাহানা করতে থাকে। বিশেষ করে পরমাণু সমঝোতা বাস্তবায়ন শুরু হওয়ার এক বছর পর ক্ষমতায় এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি বাতিলের হুমকি দিতে থাকেন। আমেরিকা ছাড়া এই সমঝোতায় স্বাক্ষরকারী বাকি সবগুলো দেশ এটি বাস্তবায়নে নিজেদের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯