পাকিস্তানের নিরাপত্তাকে নিজের নিরাপত্তা বলে মনে করে ইরান: প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i48237-পাকিস্তানের_নিরাপত্তাকে_নিজের_নিরাপত্তা_বলে_মনে_করে_ইরান_প্রতিরক্ষামন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি আজ (মঙ্গলবার) বলেছেন, এ অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানো ইরানের পররাষ্ট্রনীতির অংশ এবং এরই আলোকে পাকিস্তানের নিরাপত্তাকে ইরান নিজের নিরাপত্তা বলে মনে করে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ০৭, ২০১৭ ১৪:১৪ Asia/Dhaka
  • ইরানি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পাক সেনাপ্রধান
    ইরানি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পাক সেনাপ্রধান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি আজ (মঙ্গলবার) বলেছেন, এ অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানো ইরানের পররাষ্ট্রনীতির অংশ এবং এরই আলোকে পাকিস্তানের নিরাপত্তাকে ইরান নিজের নিরাপত্তা বলে মনে করে।

তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া'র সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে পাক সেনাপ্রধানের ইরান সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেন আমির হাতামি। তিনি আরও বলেন, বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিনষ্ট করার চেষ্টা করছে। কোনো কোনো আঞ্চলিক দেশ আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ফাঁদে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। 

আমির হাতামি বলেন, সাম্রাজ্যবাদীরা আফগানিস্তান ও ইরাকে হামলা, ইরাক-সিরিয়ায় দায়েশ সৃষ্টি ও ইয়েমেনে যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর এখন এ অঞ্চলের দেশগুলোকে খণ্ড-বিখণ্ড করতে চাচ্ছে এবং অস্থিতিশীলতা উসকে দিচ্ছে। 

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, উগ্রপন্থার পেছনে রয়েছে আমেরিকার ভুল নীতি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে আমেরিকা  বিশ্বের মুসলিম দেশগুলোর ওপর আধিপত্য প্রতিষ্ঠা করার পাশাপাশি তাদের সম্পদ হাতিয়ে নিতে চায়।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭