সাম্রাজ্যবাদীদের ইরান বিরোধী সব শয়তানি ব্যর্থ করে দেওয়া হয়েছে: নৌবাহিনী
-
হোসেইন খানযাদি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌ বিভাগের প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি বলেছেন, সাম্রাজ্যবাদীদের ইরান বিরোধী সব শয়তানি তৎপরতা ব্যর্থ করে দেওয়া হয়েছে। তিনি আজ (শনিবার) আরও বলেছেন, ইরানের নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। ইসলামি ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি (রহ.) যে লক্ষ্য-আদর্শকে সামনে রেখে বিপ্লব করেছিলেন তা এগিয়ে নিয়ে যেতে নৌবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।
আগামী ২৮ নভেম্বর ইরানে জাতীয় নৌবাহিনী দিবস পালিত হবে। দিবসকে সামনে রেখেই এসব কথা বলেছেন হোসেইন খানযাদি।
ইরানে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের বিজয় প্রসঙ্গে তিনি বলেন, সাম্রাজ্যবাদীদের অশুভ লক্ষ্য ও দাবির বিরোধিতা করা বিপ্লবী চেতনার অংশ। এ কারণে সাম্রাজ্যবাদীরা বহুবার নানাভাবে ইরানকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
ইরানের সেনাবাহিনীর নৌ বিভাগের প্রধান আরও বলেন, নৌবাহিনীর সদস্যরা ইরাকের চাপিয়ে দেওয়া যুদ্ধের পরও সাগরে অবস্থান করছে এবং জলদস্যুদের মোকাবিলা করে চলেছে। এছাড়া দূরবর্তী সাগরগুলোতেও তৎপরতা চালিয়েছে। এভাবেই ইরানের নৌবাহিনীর প্রভাব বেড়ে চলেছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫