মার্কিন অস্ত্র দিয়ে ইয়েমেনে মানুষ হত্যা করছে সৌদি আরব: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i49855-মার্কিন_অস্ত্র_দিয়ে_ইয়েমেনে_মানুষ_হত্যা_করছে_সৌদি_আরব_জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরান প্রথম থেকেই ইয়েমেনে যুদ্ধবিরতি ও সংলাপের কথা বলে এসেছে, কিন্তু আমেরিকা তার মিত্রদের কাছে অস্ত্র সরবরাহের মাধ্যমে বেসামরিক মানুষ হত্যা করেছে এবং দুর্ভিক্ষ নিয়ে এসেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৫, ২০১৭ ১৩:০৭ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরান প্রথম থেকেই ইয়েমেনে যুদ্ধবিরতি ও সংলাপের কথা বলে এসেছে, কিন্তু আমেরিকা তার মিত্রদের কাছে অস্ত্র সরবরাহের মাধ্যমে বেসামরিক মানুষ হত্যা করেছে এবং দুর্ভিক্ষ নিয়ে এসেছে।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি নিকি হিলি'র ইরানবিরোধী বক্তব্যের জবাবে এক টুইটার বার্তায় তিনি এ কথা বলেন। জারিফ আরও বলেছেন, আমেরিকা ইরানবিরোধী দাবি উত্থাপনের মাধ্যমে ইয়েমেন যুদ্ধে নিজের অন্যায় ভূমিকা ঢাকা দিতে পারবে না।

মার্কিন প্রতিনিধি গতরাতে কোনো একটি ক্ষেপণাস্ত্রের ভাঙা কিছু অংশ পাশে রেখে দাবি করেন, ওই সব হচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্রের অংশ। ইরান ইয়েমেনের সেনাবাহিনী ও গণবাহিনীকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, এর মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে।

আমেরিকা ইরানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করলেও ইয়েমেনের সেনাবাহিনী ও গণবাহিনী বারবারই বলেছে, তারা যেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে সেগুলো তাদের নিজেদের তৈরি। 

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। আমেরিকাসহ পাশ্চাত্যের দেশগুলোর সরবরাহকৃত অস্ত্র দিয়েই সেখানে প্রতিদিন হামলা চালানো হচ্ছে।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫