জাতিসংঘে আমেরিকার বিরুদ্ধে অভিযোগ জানাবে ইরান: জারিফ
-
শনিবার তেহরানে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখের জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের বিরুদ্ধে ইয়েমেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, মার্কিন সরকার মধ্যপ্রাচ্যে নিজের ভয়াবহ অপরাধযজ্ঞ ধামাচাপা দিয়ে রাখার জন্য তেহরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছে।
তিনি মার্কিন সরকারের এই দোষারোপের নীতির বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।
জারিফ তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, “মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি ও তৎপরতা যেগুলোর বেশিরভাগই যুদ্ধাপরাধের মধ্যে পড়ে সেগুলো ঢাকা দিতেই একখণ্ড ধাতব পদার্থ প্রদর্শন করে আমেরিকা ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছে। ”
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বৃহস্পতিবার কথিত একটি ক্ষেপণাস্ত্রের ভাঙা অংশ প্রদর্শন করে দাবি করেন, গতমাসে ইয়েমেন থেকে সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের বিধ্বস্ত অংশ এটি।
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন গত ৪ নভেম্বর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই প্রথম ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র সৌদি আরবের রাজধানীতে পৌঁছাল।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ইরানকে ইয়েমেনে ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য অভিযুক্ত করলেও ইয়েমেনের ওপর কঠোর সৌদি অবরোধ থাকা অবস্থায় কীভাবে এই ক্ষেপণাস্ত্র হুথি যোদ্ধাদের হাতে পৌঁছেছে তা পরিষ্কার করেননি তিনি।
এ সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইয়েমেনে সৌদি আরবের ভয়াবহ আগ্রাসনে সব সবরকম পৃষ্ঠপোষকতা দিয়ে আমেরিকা যে অপরাধ করছে তা থেকে বিশ্বজনমতকে অন্যদিকে সরিয়ে দেয়ার জন্য ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ তুলেছে ওয়াশিংটন। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭